শিবের অগ্নিস্তম্ভ থেকে আইনি লড়াই, কার্তিগাই দীপম ঘিরে কেন সরগরম তামিলনাড়ু?

কার্তিগাই দীপম উৎসব ঘিরে বিতর্কিত দীপাথুন স্তম্ভে ফের প্রদীপ জ্বালানোর পথ প্রশস্ত হয়েছে। ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের পর তামিলনাড়ুর মাদুরাই জেলার তিরুপারঙ্কুন্দ্রম পাহাড় চূড়ায় প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না বলে মনে করা হচ্ছে। তবে এই প্রদীপ বা অগ্নিশিখার মাহাত্ম্য কী এবং কেনই বা এটি এতটা চর্চায় ও জনপ্রিয়—তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় আস্থা ও পৌরাণিক কাহিনি। আকাশ ছোঁয়া এক বিশাল অগ্নিশিখার কথা বলা হয় পুরাণে, যার আদি বা অন্ত খুঁজে পাননি স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণুও। ভগবান শিবের সেই অনন্ত অগ্নিস্তম্ভের ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান উৎসব কার্তিগাই দীপম। তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুপারঙ্কুন্দ্রম পাহাড়ে প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কের জেরে ফের আলোচনায় উঠে এসেছে এই প্রাচীন প্রথা।

কী এই কার্তিগাই দীপম? তামিল হিন্দুদের কাছে কার্তিগাই দীপম অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উৎসব। তামিল পঞ্জিকার কার্তিগাই মাসে, সাধারণত নভেম্বর বা ডিসেম্বর নাগাদ এটি পালিত হয়। অন্ধকারের ওপর আলোর এবং অজ্ঞানের ওপর জ্ঞানের জয়ই এই উৎসবের মূল ভাবনা।

এই উৎসবের সঙ্গে ভগবান শিবের পাশাপাশি তাঁর পুত্র কার্তিকেয় বা মুরুগানের কাহিনিও যুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শিবের তৃতীয় নয়ন থেকে নির্গত ছয়টি অগ্নিস্ফুলিঙ্গ থেকেই মুরুগানের জন্ম হয়েছিল।

তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ের অরুণাচলেশ্বর মন্দিরে এই উৎসব সবচেয়ে বড় আকারে আয়োজিত হয়। সেখানে অন্নামালাই পাহাড়ের চূড়ায় বিশাল পাত্রে ঘি দিয়ে মহা দীপম জ্বালানো হয়, যা বহু দূর থেকেও দৃশ্যমান হয়। পাশাপাশি সন্ধ্যার সময় নিজেদের বাড়িতেও প্রদীপ জ্বালান ভক্তরা।

কেন এই বিশ্বাস? হিন্দু পুরাণ অনুযায়ী, একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। সেই বিবাদ মেটাতে শিব এক বিশাল অগ্নিস্তম্ভ রূপে প্রকট হন, যার কোনও শুরু বা শেষ ছিল না। কথিত আছে, ব্রহ্মা কিংবা বিষ্ণু কেউই সেই অগ্নিস্তম্ভের শেষ প্রান্ত খুঁজে পাননি। মহা দীপমের সঙ্গেও এই বিশ্বাসই জড়িত যে এর কোনও আদি বা অন্ত নেই।

তিরুপারঙ্কুন্দ্রমে বিতর্ক কেন? মাদুরাইয়ের তিরুপারঙ্কুন্দ্রম পাহাড়ে রয়েছে প্রাচীন সুব্রহ্মণ্যস্বামী মন্দির এবং হজরত সুলতান সিকন্দর বাদুশা আউলিয়া দরগা। অর্থাৎ একই পাহাড়ে হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়েরই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান অবস্থান করছে।

দীর্ঘদিন ধরে কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালানো হতো উচিপিল্লাইয়ার মন্দিরের কাছে অবস্থিত দীপা মণ্ডপমে। কিন্তু কয়েকজন ভক্ত ও হিন্দু সংগঠনের দাবি, পাহাড়ের আরও ওপরে থাকা ‘দীপাথুন’ নামের পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানো উচিত। তাঁদের যুক্তি, ওই স্তম্ভটিই প্রাচীন দীপস্তম্ভ এবং সেখানে প্রদীপ জ্বালানোর ধর্মীয় ঐতিহ্য রয়েছে।

অন্যদিকে তামিলনাড়ু সরকার ও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, বহু বছর ধরে নির্ধারিত মণ্ডপেই এই রীতি পালিত হয়ে আসছে। সরকারের দাবি, বিতর্কিত ওই স্তম্ভটি কোনও ধর্মীয় দীপস্তম্ভ নয়, বরং একটি জরিপের চিহ্ন বা সার্ভে পিলার। স্তম্ভটির কাছে প্রদীপ জ্বালানোর বিষয়ে আপত্তি জানিয়েছে দরগা কর্তৃপক্ষও।

এই নিয়েই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সার্বিক দিক বিবেচনা করে ২০ নভেম্বর শীর্ষ আদালত নির্দেশ দেয় যে ২৪ নভেম্বরের জন্য একবার প্রদীপ জ্বালানো যাবে, তবে তা কোনও স্থায়ী প্রথা বা অধিকার প্রতিষ্ঠা করবে না। তামিলনাড়ু সরকার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানায়।

সবশেষে ২৪ নভেম্বর নির্ধারিত স্থানে প্রদীপ না জ্বলায় ২৭ নভেম্বর সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দেয়। আদালত ২৮ নভেম্বর দীপাথুনে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়ায় ধর্মীয় রীতি, আইনি টানাপোড়েন এবং দুই ধর্মীয় স্থানের নিরাপত্তার প্রশ্ন মিলিয়ে এই পাহাড় এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Image :ANI