কল্যাণের সাসপেনশন বহাল! অভিষেকের আবেদন ওড়ালেন ওম বিড়লা

লোকসভার স্পিকার ওম বিড়লা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেওয়ায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন বহাল থাকল। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন প্রত্যাহার না করার পক্ষে বিশদে আইনি যুক্তি ও কারণ তুলে ধরা হয়েছে।
স্পিকারের তরফে জানানো হয়েছে, বিভিন্ন দিক খতিয়ে দেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন সংশ্লিষ্ট সংসদীয় অধিবেশনের সমাপ্তি পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভার কার্যপ্রণালী বিধির ৩৭৪(২) নম্বর ধারা অনুযায়ী, সংসদ নিজে প্রস্তাব গ্রহণ করে সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকা উচিত। নির্ধারিত সময়ের আগে সাসপেনশন তোলার আবেদনের ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা, দলের সাংগঠনিক দায়িত্ব বা আসন্ন সংসদীয় কর্মসূচিকে যুক্তি হিসেবে মানা যায় না। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে সংসদের বিধি ও শৃঙ্খলা বদলানো সমীচীন নয় বলেও স্পষ্ট করা হয়েছে।
জবাবে জোর দেওয়া হয়েছে সংসদের সার্বভৌম কর্তৃত্ব, লোকসভার মর্যাদা এবং কার্যপ্রণালী বিধির ধারাবাহিক প্রয়োগের ওপর। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে সংসদের নিয়মশৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছে। দলীয় পরিচয় বা অবস্থান নির্বিশেষে সব সাংসদের ক্ষেত্রেই সংসদীয় শৃঙ্খলা সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি।
নথিভুক্ত আইনি বিধানগুলোর মধ্যে রয়েছে লোকসভার ৩৭৪(২) নম্বর বিধি, যেখানে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেনশন এবং সংসদের প্রস্তাবের মাধ্যমে তা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ৩৭৪(৩) নম্বর বিধিতে সাসপেন্ড হওয়া সাংসদের সংসদ ভবনের চত্বর ছাড়ার বিধান রয়েছে। সংবিধানের ৮৫(২)(ক) অনুচ্ছেদে অধিবেশন সমাপ্ত বা প্রোরোগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতার উল্লেখ আছে। পাশাপাশি লোকসভার ১৫ নম্বর বিধিতে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার পর পুনরায় অধিবেশন ডাকার ক্ষেত্রে স্পিকারের ক্ষমতার কথা বলা হয়েছে।
এই সিদ্ধান্তের তাৎপর্যও কম নয়। সংসদে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করাতে সক্রিয় কেন্দ্র এবং ইতিমধ্যেই অধিবেশন ডাকা হয়েছে। এরই মধ্যে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া কাকলি ও সুদীপ সহ প্রাক্তন ১৯ জন সাংসদকে ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় তাঁরা ভোটাভুটি এড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড থাকায় লোকসভায় সাংসদদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র এবং রাজ্যসভায় মানেকা গুরুস্বামীদের মতো মুখের ওপর ভরসা রাখতে হচ্ছে দলকে। এতে সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব অনেকটাই কমে যেতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।