আরবিআইয়ের নতুন নিয়মে এটিএম ও কার্ডে বড় বদল, চার্জ নিয়ে কী জানাল ব্যাঙ্ক?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৭ নভেম্বর ২০২৬ তারিখে এটিএম এবং কার্ড সংক্রান্ত একাধিক পুরনো নির্দেশিকাকে একত্রিত করে নতুন মাস্টার ডিরেকশন জারি করেছে। এই নির্দেশিকা জারির দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হল, বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা কিংবা অতিরিক্ত লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকার চার্জ নতুন করে বাড়ানো হয়নি। বরং ১৭টি এটিএম সার্কুলার এবং ২৫টি কার্ড পেমেন্ট সার্কুলারকে একত্রিত করে গ্রাহকদের স্বচ্ছতা ও নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা নিজেদের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে সর্বোচ্চ ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের ক্ষেত্রে মেট্রো শহরে মাসে ৩ বার এবং নন-মেট্রো শহরে মাসে ৫ বার ফ্রি লেনদেনের সুযোগ রয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে মেট্রো শহর হিসেবে ধরা হয়। তবে অন্য ব্যাঙ্কের মেট্রো ও নন-মেট্রো এটিএম মিলিয়ে মাসে মোট ৫টি বিনামূল্যে লেনদেন করা যাবে। নির্ধারিত ফ্রি সীমা পেরিয়ে গেলে ব্যাঙ্ক প্রতি অতিরিক্ত লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকা চার্জ নিতে পারবে, যার সঙ্গে প্রযোজ্য জিএসটি যুক্ত হতে পারে।

প্রযুক্তিগত ত্রুটি বা এটিএমে নগদ টাকা না থাকার কারণে লেনদেন ব্যর্থ হলে গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে না। পাশাপাশি ওই ব্যর্থ লেনদেন ফ্রি লেনদেনের কোটায় ধরা হবে না। ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারীর গাফিলতিতে লেনদেন আটকে গেলেও গ্রাহকরা এই সুরক্ষা পাবেন। এবার থেকে এটিএমেই গ্রাহকদের জানাতে হবে যে তাঁরা মাসে কয়টি ফ্রি লেনদেন করেছেন, আর কয়টি বাকি আছে, পরবর্তী লেনদেনে চার্জ কত হতে পারে এবং এটিএমটি মেট্রো না নন-মেট্রো এলাকায় অবস্থিত।

কার্ড ব্যবহারকারীদের জন্য কন্ট্যাক্টলেস লেনদেনে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অথেন্টিকেশন বা পিন ছাড়াই পেমেন্টের সুবিধা বজায় থাকছে। ৫,০০০ টাকার বেশি লেনদেনে পিন বা অতিরিক্ত অনুমোদন লাগবে, তবে গ্রাহকরা ইচ্ছা করলে কম অঙ্কেও পিন ব্যবহার করতে পারবেন। নিরাপত্তা বাড়াতে ব্যাঙ্কগুলিকে ২৪ ঘণ্টা এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে গ্রাহকরা দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন, অনলাইন পেমেন্ট এবং কন্ট্যাক্টলেস সুবিধা চালু বা বন্ধ করতে পারেন এবং লেনদেনের সীমা বদলাতে পারেন। এছাড়া নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে পয়েন্ট অফ সেল মেশিনের মাধ্যমে পণ্য না কিনেই একবারে সর্বোচ্চ ২,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ তোলা যাবে, যেখানে সর্বোচ্চ ১ শতাংশ চার্জ ধার্য হতে পারে।