“ব্যারিকেড দিয়ে রাস্তা আটক!”-তপসিয়ার TMC ভবন ঘিরে তুমুল উত্তেজনা, কী বলছে পুলিশ?

তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ বিল্ডিং বন্ধ করে দিল কলকাতা পুলিশ। মূলত দলীয় সদর দফতরে যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে।
পুলিশ সূত্রে খবর, ওই ভবনের নির্মাণকাজ এখনও চলছে। নিরাপত্তার স্বার্থেই সেখানে যাতায়াত বন্ধ রাখার জন্য কলকাতা পুরসভা পুলিশকে জানায় এবং সেই কারণেই ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে।
সূত্রের দাবি, তপসিয়ার ওই বিল্ডিংয়ে মমতা টিএমসি-র দলীয় বৈঠক চলছিল। বিষয়টি নজরে আসতেই অভিযোগ জানানো হয় আনন্দপুর থানায়। এরপর শুক্রবার রাতেই ঘটনাস্থলে গিয়ে ভবন বন্ধের পদক্ষেপ নেওয়া হয় এবং গেটের সামনের রাস্তায় গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন কুণাল ঘোষসহ মমতা-তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং পুলিশের সঙ্গে কথা বলেন তাঁরা।
সূত্রের খবর অনুযায়ী, কেবল নির্মাণকাজের জন্য ভবনটি খোলা রাখা হচ্ছে, তবে নির্মাণ ছাড়া অন্য কোনও কাজ সেখানে করা যাবে না। পুলিশের এই পদক্ষেপে তীব্র আপত্তি তুলেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর অভিযোগ, পুলিশ নির্দেশ মেনেই কাজ করছে, যদিও আদালতের রায় অন্য কথা বলছে। দলীয় কার্যালয় দখল করতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, তপসিয়ার ওই ভবনে আগে থেকেই নির্মাণকাজ চলছিল। ফলে দলীয় কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দফতর মেট্রোপলিটনের নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু সেই ভবন বর্তমানে কার্যত ঋতব্রত শিবিরের দখলে রয়েছে বলে দাবি। সেই কারণেই নির্মাণাধীন ওই ভবনটি ব্যবহারের পরিকল্পনা করেছিল মমতা তৃণমূল, যা এবার আটকে দিল পুলিশ।