বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক, বাবার মিসিং ডায়েরির পরদিনই ধরা পড়ল যুবক

বাবার মিসিং ডায়েরির ঠিক পরদিনই সামনে এল চাঞ্চল্যকর মোড়। গুজরাটের ভদোদরায় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক কষার অভিযোগে গ্রেপ্তার করা হল নিখোঁজ যুবককে। ধৃতের নাম মহম্মদ সাহারুল ইসলাম, বয়স ২২ বছর। তাঁর বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকায়। এই ঘটনায় এবার সাহারুলের বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াড।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সাহারুলের বাবা কবীরুদ্দিন থানায় গিয়ে ছেলের নামে মিসিং ডায়েরি দায়ের করেন। তিনি দাবি করেছিলেন, তাঁর ২২ বছর বয়সি ছেলে নিখোঁজ হয়ে গিয়েছেন। কিন্তু শুক্রবারই ভদোদরার বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে সাহারুলকে গ্রেপ্তার করে গুজরাট ATS। এরপরই সাহারুলের বাবাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেন গোয়েন্দারা। ইতিমধ্যে রাতাবাড়িতে সাহারুলের বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং বাড়ির বাইরে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াডের দাবি, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হয়ে হামলার ছক কষছিল সাহারুল। তদন্তকারীদের কাছে সে নাকি জানিয়েছে, ‘জান্নাত’ লাভই ছিল তার লক্ষ্য, আর সেজন্য শহিদ হওয়াকেই একমাত্র পথ বলে মনে করত ওই যুবক। তদন্তকারীদের আরও দাবি, গত এক বছরেরও বেশি সময় ধরে জইশের পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সাহারুলের। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সাহারুলের মোবাইল ফোন থেকে পাকিস্তানের একটি নম্বর উদ্ধার হয়েছে। পাশাপাশি, কীভাবে আগ্নেয়াস্ত্র চালাতে হয়, সে সংক্রান্ত একটি প্রশিক্ষণমূলক ভিডিওও মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ATS-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুনীল জোশি জানিয়েছেন, পর্যটক সেজে ভদোদরার বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিল সাহারুল। ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখে নিজের মোবাইলে ছবিও তুলেছিল সে।

অভিযোগ, পাকিস্তানের এক হ্যান্ডলারের নির্দেশেই এই রেকি করেছিল সাহারুল। হামলার পর পাকিস্তানে পালিয়ে যাওয়ার ছকও ছিল তার। ধৃতের কাছ থেকে একটি AK-47 রাইফেল, ২৩টি কার্তুজ, জইশ-ই-মহম্মদের পতাকা, একাধিক মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয়েছে বলে খবর। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। সাহারুলকে অস্ত্র জোগানোর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সাহারুল যে মাদ্রাসায় পড়াশোনা করেছিল, সেটিও তদন্তের আওতায় আসতে পারে। তদন্তকারী সূত্রের খবর, গুজরাট ATS এবং অসম পুলিশ যৌথভাবে ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে।