বারুইপুর পুরবোর্ড ভেঙে দিলেন চেয়ারম্যান-সহ ১৭ কাউন্সিলর, অবসান ২৬ বছরের অধ্যায়ের?

দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে বারুইপুর পুরসভা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরকর্মীদের নিয়মিত বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে। এই সমস্যার কথা প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এই আবহে বোর্ড ভেঙে দিলেন চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস-সহ অন্যরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভায় দীর্ঘদিন বোর্ড পরিচালনা করেছে তৃণমূল। বোর্ড মিটিংয়ের পর চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস-সহ মোট ১৭ জন কাউন্সিলর একযোগে পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
কয়েকজন কাউন্সিলরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন পুরবোর্ডের সদস্যরা। তাঁদের দাবি, মামলার কারণে কয়েকজন কাউন্সিলরের উপর বারুইপুর এলাকায় প্রবেশের ক্ষেত্রেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এমনকী পুরসভার চেয়ারম্যানের যাতায়াতের উপরও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি তাঁদের। এই পরিস্থিতিতে এলাকাবাসীদের পরিষেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তাই মেয়াদ শেষের তিনমাস আগে ভেঙে দেওয়া হল বারুইপুর পুরসভার বোর্ড। অন্যদিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বহু তৃণমূলের নেতা সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাইছেন। তাঁরাও পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও সূত্রের খবর, গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে রয়েছে অনেক কাউন্সিলর।
এমন নানা কারণে দীর্ঘ প্রায় ২৬ বছর পর বারুইপুর পুরসভার হাতছাড়া হল তৃণমূলের। এই আড়াই দশক ধরে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন তৃণমূল কংগ্রেসের এই পুরপ্রতিনিধিরা। দীর্ঘ এই সময়ে বারুইপুর শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে একাধিক পরিবর্তন এসেছে। রাস্তা নির্মাণ ও সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, রাস্তায় আলো, পরিচ্ছন্নতা এবং শহরের বিভিন্ন নাগরিক পরিষেবা সম্প্রসারণের মতো একাধিক ক্ষেত্রে উন্নয়নের ছাপ পড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের মত। পুরসভার এই দীর্ঘ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস-সহ অন্যান্য কাউন্সিলররা। গত কয়েক মাস ধরেই বারুইপুর পুরসভার প্রশাসনিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছিল। পুরপ্রতিনিধিদের বক্তব্য, আর্থিক সঙ্কটের কারণে কর্মীদের বেতন দেওয়া, রাস্তার সংস্কার এবং দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম চালাতে সমস্যা হচ্ছে। এছাড়া পুরপ্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক মামলা এবং প্রশাসনিক বাধার অভিযোগও তুলেছিলেন বোর্ডের সদস্যরা। ২৭ নভেম্বর সাংবাদিক বৈঠক করে পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সহ অন্যান্য কাউন্সিলররা। পরবর্তী সময়ে মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানানো হয়েছিল।
আগামিদিনে বারুইপুর পুরসভার প্রশাসনিক দায়িত্ব কার হাতে থাকবে, নাগরিক পরিষেবা কীভাবে পরিচালিত হবে, পুরসভার কর্মীদের বেতন, রাস্তা সংস্কার, পানীয় জল, নিকাশি এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ কীভাবে চলবে, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম হয়েছে। দীর্ঘদিনের পরিচিত পুরবোর্ডের বিদায়ের পর প্রশাসনিক দায়িত্বে নতুন ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সরকারি নির্দেশের অপেক্ষা করতে হবে। বারুইপুর পুরসভার এই পদত্যাগ নিছক কয়েকজন জনপ্রতিনিধির পদত্যাগ নয়, বরং দীর্ঘদিন ধরে চলা একটি পুরবোর্ডের প্রশাসনিক অধ্যায়ের অবসান হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। যে পুরবোর্ডের হাত ধরে দীর্ঘদিন বারুইপুর শহরের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়েছে, সেই বোর্ডের বিদায়ের পর আগামিদিনে শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবা কোন পথে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে বারুইপুরের সাধারণ মানুষ।