তপসিয়ার তৃণমূল অফিসে নিষিদ্ধ রাজনৈতিক বৈঠক! নির্মীয়মাণ ভবন নিয়ে পুরসভা ও পুলিশের কড়া শর্ত

তপসিয়ার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে হবে না কোনও রাজনৈতিক বৈঠক। নির্মীয়মাণ বাড়ি নিয়ে এবার আপত্তি জানিয়েছে কলকাতা পুরসভা এবং পুরসভার এনওসি ছাড়া সেখানে কোনও রাজনৈতিক জমায়েত করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে। পুরনো তৃণমূল কংগ্রেস ভবন সিল করে দেওয়ার খবর পেয়ে দলীয় কার্যালয়ে যান উত্তর ও দক্ষিণ কলকাতার সভাপতি। তারপরেই কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের দীর্ঘ বৈঠক হয় এবং তার প্রেক্ষিতেই ভবনে ঢোকার শর্তসাপেক্ষ অনুমতি মেলে।

কার্যালয়ে ঢোকার অনুমতি দেওয়া হলেও সেখানে কোনও ধরনের রাজনৈতিক জমায়েত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাড়ি নির্মাণের কাজ চলবে এবং ভেতরে সর্বাধিক চার জন দলীয় কর্মী থাকতে পারবেন। পাশাপাশি মোতায়েন থাকবে বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং নেতারা তদারকি বা সুপারভাইজ করতে পারবেন।

পুরনো তৃণমূল ভবনে রাজনৈতিক কার্যকলাপ বন্ধের কড়া নির্দেশ দিয়েছে পুলিশ। নির্মীয়মাণ বাড়িতে এইভাবে রাজনৈতিক ভিড় বিপজ্জনক এবং বড় বিপদ ঘটতে পারে, এই আশঙ্কা থেকেই গতকাল রাতে পুরনো তৃণমূল ভবনে গিয়ে ভবন বন্ধ করে দেয় পুলিশ। বিষয়টি জানাজানি হতেই খবর পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

মমতার নির্দেশেই গভীর রাতে ভবনে যান কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। পুলিশ তাঁদের জানায় যে নির্মীয়মাণ বাড়িতে যেকোনো সময় বিপদ হতে পারে এবং সে কারণেই বন্ধ রাখার নির্দেশ রয়েছে। কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায় নির্মাণ কাজ চালু রাখার অনুরোধ করলে পুলিশ তা মেনে নেয়, তবে আজ থেকে ভেতরে কোনও রকম রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না বলে সাফ নির্দেশ দিয়েছে পুলিশ।