গোয়ায় ইকোস অফ ভ্যালরের বিশ্ব প্রিমিয়ারে আবেগতাড়িত ইন্দিরা ধর, কেন বিশেষ এই ছবি?

৫৭তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একমাত্র হিন্দি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে দর্শক দরবারে প্রশংসিত হয়েছে পরিচালক ইন্দিরা ধরের ‘ইকোস অফ ভ্যালর’। ২৭ নভেম্বর ইফিতে সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালকসহ সিনেমার কুশীলবরা। দর্শকদের ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত পরিচালক ইন্দিরা বলেন, যে কোনও আঞ্চলিক সিনেমার পরিচালকের ক্ষেত্রে একটি জাতীয় স্তরের ছবি বানানোর পর তা দর্শকদের মনে জায়গা করে নিলে, এর থেকে ভালো অনুভূতি আর কী হতে পারে।
‘ইকোস অফ ভ্যালর’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিব্যা দত্ত, নীরজ কবি, ঋষভ সাহনি, বাংলার রোহন বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আঙিনায় নিজের উপস্থিতি জানান দিয়েছে। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে এর প্রথম ঝলক প্রকাশ্যে আসে এবং পরিচালক শেখর কাপুর ইন্ডিয়া প্যাভিলিয়নে এটি উপস্থাপন করেন। পরবর্তীতে, সেই বছরের সেপ্টেম্বরেই ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ক্লোজড-ডোর স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।
পরিচালক ইন্দিরা জানান, উপস্থিত অতিথি ও দর্শকরা সিনেমাটি দেখে প্রশংসা করার পর যে অনুভূতি মনের মধ্যে তৈরি হয়েছিল, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ইফিতে গালা প্রিমিয়ারে একমাত্র হিন্দি ছবি হিসেবে নির্বাচিত হওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়। ছবিতে দিব্যা দত্ত ও নীরজ কবি ছাড়াও বাকি অভিনেতাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে এবং তা দেখে দীর্ঘদিনের পরিশ্রম সার্থক বলে মনে হয়েছে তাঁর।
ইন্দিরা আরও জানান, তিনি এবং তাঁর টিম ইফিতে সকলের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছেন, তা অভূতপূর্ব ছিল। পাশাপাশি, সিনেমায় সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়ের কাজও আলাদা করে প্রশংসা কুড়িয়ে নিয়েছে এবং এই ছবির সঙ্গীতের মধ্য দিয়েই বলিউডে হাতেখড়ি হয়েছে সায়নের। এরপর পরিচালক তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ইফি, এনএফডিসি ও পিআইবি, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রক, সিবিএফসি ইন্ডিয়া এবং শুক্লা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ ও ভালোবাসা জানান।
উল্লেখ্য, ভারতীয় সেনা জওয়ানের মা শুক্লা বন্দ্যোপাধ্যায়ের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘ইকোস অফ ভ্যালর’। যেখানে এক সামরিক পরিবারের অভিজ্ঞতার মধ্য দিয়ে ভালোবাসা, অদম্য মনোবল ও আত্মত্যাগের বিষয়গুলো তুলে ধরেছেন পরিচালক ইন্দিরা। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের জন্য সিনেমাটি নির্বাচিত হওয়া ও প্রশংসিত হওয়া গোটা যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলक হিসেবে থেকে গেল।