শীতের পথে কাঁটা! বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে জোড়া ঘূর্ণাবর্তের শঙ্কা, বাড়বে তাপমাত্রা?

রাজ্যে উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের আমেজ তৈরি হলেও তা খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগর ও আন্দামান সাগর সংলগ্ন এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যার জেরে সাগরে আবার নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যদিও এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ায় এর কোনও সরাসরি প্রভাব পড়েনি, তবে শীতের ধারাবাহিকতায় এটি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার। আগামী দিনগুলোতে এটি নিম্নচাপ অঞ্চলে রূপ নিতে পারে। পাশাপাশি, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছাকাছি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে ডিসেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, জোড়া ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকলেও আপাতত পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব পড়ছে না। তবে রোদ ঝলমলে সকালে যে শীতের আমেজ এখন অনুভূত হচ্ছে, আগামী কয়েক দিনে তাতে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে। চলতি সপ্তাহে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হলেও আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাত দিন ঝড়বৃষ্টি নিয়ে কোনও সতর্কতা বা পূর্বাভাস দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব বজায় থাকবে এবং পাহাড়ি এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।