সংসদ অধিবেশনের আগেই রণকৌশল সাজাচ্ছে কেন্দ্র! ডিলিমিটেশন বিলে কী কী বদল এল?

মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে সংসদে বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত ডিলিমিটেশন বিল এবং সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীগুলিতে একাধিক পরিবর্তনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন প্রস্তাবে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে, তবে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের ক্ষেত্রে ২৫ বছরের জন্য স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যভিত্তিক আসন বণ্টনে কোনো পরিবর্তন আসবে না। এই গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে সংসদে আলোচনার আগে নিজেদের সাংসদদের বিস্তারিতভাবে বিষয়টি বোঝাতে উদ্যোগী হয়েছে বিজেপি। আগামী ২৯ নভেম্বর দলের সমস্ত সাংসদকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে। সংসদ অধিবেশন শুরুর ঠিক আগে আয়োজিত এই বৈঠকে প্রস্তাবিত ডিলিমিটেশন বিল এবং তার সঙ্গে যুক্ত সংবিধান সংশোধনীগুলি নিয়ে সাংসদদের অবহিত করা হবে। বিলগুলিতে কী কী পরিবর্তন আনা হয়েছে, কোন কোন বিষয় সংশোধন করা হয়েছে এবং সরকারের অবস্থান কী, তা স্পষ্ট করে তুলে ধরা হবে সাংসদদের সামনে। সরকারি সূত্রের দাবি, দলের নেতৃত্ব যে বিষয়গুলির ওপর জোর দিয়েছিলেন, নতুন প্রস্তাবে সেগুলির প্রতিফলন দেখা গেছে। সংসদে বিলগুলি নিয়ে আলোচনার আগেই নিজেদের সাংসদদের পুরোপুরি প্রস্তুত রাখতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।