৬২ দিনের আন্দোলনে মোড়! ভোরে SRFTI-তে পুলিশের অভিযান, সরানো হল মঞ্চ ও আসবাব

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে ফের তীব্র উত্তেজনা ছড়াল। শনিবার ভোরে আচমকা প্রায় তিনশো পুলিশ ক্যাম্পাসে ঢুকে আন্দোলনরত পড়ুয়াদের মঞ্চ ভেঙে সরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি ক্যাম্পাসে থাকা অন্যান্য আসবাবপত্র দুটি ছোট পিকআপ ভ্যানে তুলে বাইরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।

পড়ুয়াদের অভিযোগ, ভোরে অভিযান চালানোর সময় পুলিশ বলপ্রয়োগ করে এবং মারধরও চালায়। এমনকি ছাত্রীদের হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই কয়েকজন বহিরাগত আন্দোলনের মঞ্চ ভাঙার চেষ্টা করে। পড়ুয়ারা সেই কাজে বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের হাত পা ধরে টেনে সরিয়ে দেওয়া হয় এবং মঞ্চ ভাঙার কাজে পুলিশ সহযোগিতা করেছে বলেও দাবি তুলেছেন পড়ুয়ারা।

গত ২৭ সেপ্টেম্বর থেকে SRFTI ক্যাম্পাসে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। প্রায় ৬২ দিন ধরে চলা এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি উপাচার্যের পদত্যাগ। দীর্ঘদিনের এই বিক্ষোভ ও অচলাবস্থার কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি পঠনপাঠনও ব্যাহত হচ্ছে।

সম্প্রতি পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কর্তৃপক্ষ। এর আগেও একাধিকবার ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল।

এই অশান্তির সূত্রপাত হয়েছিল ক্যাম্পাসের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের বচসা থেকে। এরপর হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের বিরুদ্ধে পড়ুয়াদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং একাধিক দাবিতে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। শনিবারের ভোরে পুলিশের এই পদক্ষেপ সেই চলমান অশান্তিতে নতুন মাত্রা যোগ করল।