মাত্র ৫০০টি ইউনিট! JSW Combat-এর বিশেষ সংস্করণ ‘Pioneers 500’-এর আবেদন শুরু ২৮ নভেম্বর

ভারতের বাজারে আসন্ন এসইউভি জেএসডব্লিউ কমব্যাট (JSW Combat)-এর বিশেষ সংস্করণ ‘পায়োনিয়ার্স ৫০০’ (Pioneers 500) ঘোষণা করল জেএসডব্লিউ মোটরস (JSW Motors)। এই সংস্করণের মাত্র ৫০০টি গাড়ি তৈরি করা হবে এবং আগামী ২৮ নভেম্বর সকাল ১১টা থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত গ্রাহকদের হাতে গাড়ি হস্তান্তর শুরু হতে পারে জানুয়ারির মাঝামাঝি।

কীভাবে নির্বাচন হবে ৫০০ গ্রাহক? সংস্থা প্রথমে আবেদনকারীদের পরিচয় যাচাই করবে এবং অংশগ্রহণে আগ্রহীদের ১ লক্ষ টাকা রেজিস্ট্রেশন বাবদ জমা দিতে হবে। তবে আবেদন করার ক্রম অনুযায়ী নয়, বরং মূল্য প্রস্তাবের ভিত্তিতে ৫০০ জন গ্রাহককে বেছে নেওয়া হবে; রেজিস্ট্রেশনের সময় দেখানো ন্যূনতম অঙ্কের চেয়ে বেশি দর দিতে হবে এবং সময়সীমার মধ্যে প্রস্তাব সংশোধনের সুযোগ থাকলেও শেষ বৈধ প্রস্তাবটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। সর্বোচ্চ ৫০০টি বৈধ মূল্য প্রস্তাবের ভিত্তিতে গ্রাহক চূড়ান্ত করা হবে, আর এই প্রাথমিক অঙ্ককে গাড়ির সরকারি এক্স-শোরুম দাম হিসেবে ধরা যাবে না।

বিশেষ সুবিধা ও ৩ ডিসেম্বরের আত্মপ্রকাশ ‘পায়োনিয়ার্স ৫০০’ সংস্করণের প্রতিটি গাড়িতে স্বতন্ত্র সিরিয়াল নম্বর, গ্রাহকের নাম-সহ বিশেষ ফলক, ব্যাজ এবং বিশেষ ডিজাইন ও কেবিনে ব্যক্তিগত ছোঁয়া থাকবে। এর পাশাপাশি মালিকদের জন্য বিশেষ হস্তান্তর অনুষ্ঠান, ব্যক্তিগত মালিক কমিউনিটি, ‘থিঙ্ক ট্যাঙ্ক’-এ যুক্ত হওয়ার সুযোগ, অগ্রাধিকার পরিষেবা, নির্বাচিত অনুষ্ঠানে আমন্ত্রণ এবং ওয়েলকাম কিট দেওয়ার কথা জানিয়েছে সংস্থা।

চিনের চেরি সংস্থার জেটুর টি২ (Jetour T2)-এর ভিত্তি তৈরি এই এসইউভিটি আগামী ৩ ডিসেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে। ভারতীয় সংস্করণে প্লাগ-ইন হাইব্রিড পাওয়ারট্রেন থাকার সম্ভাবনা রয়েছে—যেখানে ১.৫ লিটার টার্বো-পেট্রল ইঞ্জিন, ১৮.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ও বৈদ্যুতিক মোটরসহ তিন-গতির হাইব্রিড ট্রান্সমিশনের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। দাম ৪০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে থাকার অনুমান করা হচ্ছে, যার ফলে বাজারে কিয়া সোরেন্টো, টয়োটা ফরচুনার এবং এমজি মেজস্টরের মতো এসইউভির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এটি।