‘রামের চরিত্র ওর জীবনে বড় প্রভাব ফেলবে!’ রণবীরকে দেখে কী বললেন ইমতিয়াজ আলি?

ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরকে দর্শক কতটা গ্রহণ করবেন, তা নিয়ে মুক্তির আগে নানা জল্পনা ও বিতর্ক ছিল। তবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ মুক্তির পর সেই সংশয় অনেকটাই কেটে গেছে বলে মত সিনেমহলের। রণবীরের অভিনয়ের প্রশংসায় এবার সামিল হলেন পরিচালক ইমতিয়াজ় আলি।

‘রকস্টার’ ও ‘তমাশা’-র মতো ছবিতে রণবীর কাপুরকে পরিচালনা করেছেন ইমতিয়াজ় আলি। ‘রামায়ণ’ দেখে রামের চরিত্রে রণবীরের কাজ তাঁর ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ইমতিয়াজ় বলেন, ছবিটির কয়েকটি অংশে রণবীর অসাধারণ। তাঁর কথায়, রণবীর অত্যন্ত ভালো অভিনেতা এবং রামের চরিত্রে অভিনয় তাঁর জীবনেও বড় প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, এই চরিত্রের প্রস্তুতি নিতে গিয়ে বাস্তব জীবনে রণবীর নিজেও অনেক বেশি সংযত ও শান্ত হয়েছেন, বদলেছে তাঁর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা।

এর আগে ‘অ্যানিম্যাল’ ছবির মারকুটে ও হিংস্র চরিত্রের সঙ্গে রামের শান্ত ও সংযত রূপের তুলনা টেনে সামাজিক মাধ্যমে একাধিক প্রশ্ন উঠেছিল। যদিও ছবি দেখার পর সেই ধারণা বদলে গেছে বলে জানিয়েছেন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়ও। সামাজিক মাধ্যমে তনিশা লেখেন, ‘অ্যানিম্যাল’-এ রণবীরকে ভালো লাগলেও রামের চরিত্রে তাঁকে মানাবে কি না, তা নিয়ে খটকা ছিল। কিন্তু ছবিটি দেখার পর তাঁর মনে হয়েছে, সংবাদমাধ্যমে যা দেখানো হয়েছে তার সঙ্গে ছবির বাস্তবতার ফারাক রয়েছে এবং রামের চরিত্রে রণবীর অসাধারণ ও একেবারে যথাযথ।

বক্স অফিসেও দারুণ গতিতে ছুটছে ‘রামায়ণ’। মুক্তির ২২ দিনের মাথায় ভারতে ছবির নেট আয় দাঁড়িয়েছে ৯৯২ কোটি ১০ লক্ষ টাকা এবং গ্রস আয় ১,১৮৫ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় পৌঁছেছে ১,৭৭৭ কোটি টাকায়। নীতেশ তিওয়ারির এই ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে এবং লারা দত্তসহ আরও অনেকে।