লোকসভার আসন বেড়ে ৮৫০? সংসদের পোর্টালে আজই আসতে পারে ডিলিমিটেশন বিল, তুঙ্গে জল্পনা!

আজই সংসদ সচিবালয়ের পোর্টালে ডিলিমিটেশন বিল আপলোড করা হতে পারে বলে দিল্লির সূত্র মারফত খবর মিলেছে। এই বিলে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছে; এর মধ্যে রাজ্যগুলোর জন্য ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য ৩৫টি আসনের কথা বলা হয়েছে। বর্তমানে লোকসভার অনুমোদিত আসন সংখ্যা ৫৪৩। এর আগে ১৬ এপ্রিল বিরোধীদের ভোটাভুটির দাবির পর লোকসভায় সংবিধান (১৩১তম সংশোধনী) বিল ২০২৬, ডিলিমিটেশন বিল ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল ২০২৬ পেশ করা হয়েছিল, যেখানে পক্ষে ২৫১টি ও বিপক্ষে ১৮৫টি ভোট পড়ে।
ডিলিমিটেশন বিলের সঙ্গে মহিলা সংরক্ষণ বিলও?সংসদের প্রস্তাবিত বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন যুক্ত মহিলা সংরক্ষণ বিল ফের আনা হতে পারে বলে জল্পনা জোরদার হয়েছে। এমনটা হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সংসদে সংখ্যার সমীকরণ মেলাতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। লোকসভায় শাসক জোটের সাংসদ সংখ্যা আনুমানিক ৩২০ জন, তবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হাসিলের ক্ষেত্রে ডিএমকে, এনসিপি (শরদচন্দ্র পওয়ার) এবং ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এনডিএ-র ভোটের হিসেব ও ঘাটতি লোকসভার অনুমোদিত ৫৪৩টি আসনের মধ্যে কয়েকটি আসন ফাঁকা থাকায় বর্তমান সদস্য সংখ্যা ৫৩৮। সব সদস্য উপস্থিত থেকে ভোট দিলে সংবিধান সংশোধনী বিল পাসে সরকারের ৩৫৯টি ভোট প্রয়োজন হবে—সেক্ষেত্রে এনডিএ-র আরও ৩৯টি ভোটের ঘাটতি রয়েছে। তবে উপস্থিতির হার কমলে প্রয়োজনীয় ভোটের লক্ষ্যমাত্রাও বদলাতে পারে। শাসক জোটের প্রায় ৩২০ জন সাংসদের মধ্যে বিজেপির ২৪১ জন এবং শরিক দলগুলোর ৭৯ জন সাংসদ রয়েছেন। শরিকদের মধ্যে এনসিপিআই-এর ২০ জন, টিডিপি-র ১৬ জন, শিবসেনার ১৩ জন, জেডি(ইউ)-এর ১২ জন, এলজেপি (রাম বিলাস)-এর ৫ জন, আরএলডি ও জেএসপি-র ২ জন করে এবং জেডি(এস)-এর ২ জন সাংসদ রয়েছেন। পাশাপাশি এনসিপি, শিরোমণি আকালি দল, এজিপি, আজসু, আপনা দল (এস), হাম ও এসকেএম-এর একজন করে সাংসদ রয়েছেন।
কিরেণ রিজিজুর বার্তা ও রাজনৈতিক সমীকরণ জরুরি সরকারি কাজ সারতে লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানকে যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। এরপর থেকেই ডিলিমিটেশন ইস্যুতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অধিবেশনের আগে এখন মূল নজর, শাসক জোট বাড়তি সমর্থন জোগাড় করতে পারে কি না, নাকি বিরোধী সাংসদদের একাংশ ভোটদানে বিরত থাকলে সরকার সেই সমীকরণে সুবিধা পায়।