ল্যাপটপেই ১ পেটাফ্লপ এআই শক্তি! ১২৮ জিবি মেমরিতে ভারতের বাজারে এল এইচপি ওমনিবুক আল্ট্রা ১৬

এআই এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ডেভেলপার, নির্মাতা ও পেশাদারদের জন্য নতুন প্রজন্মের এআই ল্যাপটপ ‘এইচপি ওমনিবুক আল্ট্রা ১৬’ (HP OmniBook Ultra 16) ভারতের বাজারে আনল এইচপি ইন্ডিয়া। এনভিডিয়া আরটিএক্স স্পার্ক এন১এক্স (NVIDIA RTX Spark N1X) প্ল্যাটফর্মে তৈরি এই ল্যাপটপটি ব্যবহারকারীদের ক্লাউড নির্ভরতা কমিয়ে ডিভাইসেই সরাসরি এআই মডেল, এজেন্ট ও জটিল অ্যাপ্লিকেশন চালানোর সুবিধা দেয়। এনভিডিয়া কুডা (CUDA) প্ল্যাটফর্মে নির্মিত এই ল্যাপটপে ১ পেটাফ্লপ পর্যন্ত এফপি৪ (FP4) এআই পারফরম্যান্স এবং ১২৮ জিবি পর্যন্ত ইউনিফাইড মেমরি পাওয়া যাবে।

নতুন প্রজন্মের স্থানীয় এআই কম্পিউটিংয়ের কথা মাথায় রেখেই ল্যাপটপটি সাজানো হয়েছে। এতে থাকা এনভিডিয়া আরটিএক্স স্পার্ক এন১এক্স প্ল্যাটফর্মে মাল্টি-কোর সিপিইউ-এর সঙ্গে যুক্ত হয়েছে এনভিডিয়া ব্ল্যাকওয়েল আরটিএক্স (Blackwell RTX) ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এবং সর্বোচ্চ ১২৮ জিবি এলপিডিডিআর৫এক্স (LPDDR5x) ইউনিফাইড মেমরি। এর ফলে ডেভেলপাররা স্থানীয়ভাবে এআই অ্যাপ্লিকেশন তৈরি ও পরীক্ষা করতে পারবেন, আর ডিজাইনার ও নির্মাতারা রেন্ডারিং, ভিডিও এডিটিং এবং এআই-ভিত্তিক কনটেন্ট তৈরির কাজ আরও দ্রুত সারতে পারবেন। পাশাপাশি এনভিডিয়া আরটিএক্স, স্টুডিও, ডিএলএসএস (DLSS), রিফ্লেক্স ও জি-সিঙ্ক সুবিধার কারণে গেমিং এবং গ্রাফিক্সের কাজেও বাড়তি গতি মিলবে।

এইচপি ইন্ডিয়ার পার্সোনাল সিস্টেমস বিভাগের সিনিয়র ডিরেক্টর বিনীত গেহানি বলেন, এআই মানুষের কাজ ও সমস্যা সমাধানের ধারা বদলে দিচ্ছে এবং পিসির ওপর নতুন চাহিদা তৈরি করছে। এইচপি ওমনিবুক আল্ট্রা ১৬-এর মাধ্যমে প্রিমিয়াম ল্যাপটপেই শক্তিশালী লোকাল এআই সক্ষমতা আনা হয়েছে, যা পিসিকে কেবল কাজের যন্ত্র না রেখে একটি বুদ্ধিমান সহযোগী প্ল্যাটফর্মে রূপ দিচ্ছে।

পাতলা গড়নে উচ্চক্ষমতার কাজ সামলাতে ল্যাপটপটিতে রয়েছে এইচপির প্রথম ‘কনজিউমার টাওয়ার হিঞ্জ’ এবং ‘ট্রাঙ্ক আর্কিটেকচার’ থার্মাল ডিজাইন, যা বাতাসের প্রবাহ ঠিক রেখে তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। মেটাল চ্যাসিসের এই ল্যাপটপটির পেছনের অংশের পুরুত্ব প্রায় ১৫.৭ মিমি। এতে ১৬ ইঞ্চির ৩কে (২৮৮০ x ১৮০০) ওএলইডি মাল্টিটাচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে ১২০ হার্জ পর্যন্ত ভেরিয়েবল রিফ্রেশ রেট, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ (DCI-P3) কালার কভারেজ এবং ডিসপ্লে এইচডিআর ট্রু ব্ল্যাক ১০০০ সার্টিফিকেশন রয়েছে।

কোয়াড স্পিকার, হ্যাপটিক টাচপ্যাডে জেসচারভিত্তিক ভলিউম ও ব্রাইটনেস নিয়ন্ত্রণ, ৯৯ ওয়াট-আওয়ার ব্যাটারি, ১৪০ ওয়াটের জিএএন (GaN) চার্জার, ওয়াই-ফাই ৭ এবং ৫ মেগাপিক্সেলের আইআর ক্যামেরার মতো সুবিধাও এতে যুক্ত হয়েছে। পোর্টের তালিকায় রয়েছে দুটি ইউএসবি টাইপ-সি, দুটি ইউএসবি টাইপ-এ, একটি এইচডিএমআই ২.১ পোর্ট এবং একটি মাইক্রোএসডি কার্ড রিডার। ‘এক্লিপ্স গ্রে’ রঙের এই ল্যাপটপের প্রারম্ভিক দাম ৫,৪৯,৯৯৯ রুপি নির্ধারণ করা হয়েছে এবং এটি আপাতত এইচপি অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে সরবরাহ শুরু হবে এবং নির্বাচিত কিছু ব্যাংকের কার্ডে ৪০,০০০ রুপি পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগও রয়েছে।