স্পাইসজেটের ওয়েবসাইট অচল, বিমানবন্দরে হাতেকলমে চেক-ইন; আর্থিক সঙ্কটের মাঝেই বড় বিপাকে যাত্রীরা?

শুক্রবার বড়সড় প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ল বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট। এই সমস্যার জেরে সংস্থার ওয়েবসাইট অচল হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে অনলাইন চেক-ইন, টিকিট বুকিং এবং পেমেন্ট ব্যবস্থায়। পরিস্থিতি সামাল দিতে সব বিমানবন্দরে ম্যানুয়াল বা হাতেকলমে চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়া চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে স্পাইসজেট। সংস্থার তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে প্রযুক্তিগত দল বহিরাগত পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। টিকিট পরিবর্তন বা বাতিলের মতো জরুরি প্রয়োজনে যাত্রীদের 0124 4983410 অথবা 0124 7101600 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আর্থিক সঙ্কট ও নিরাপত্তা নিয়ে পাইলটদের উদ্বেগ এই প্রযুক্তিগত বিপর্যয় এমন এক সময়ে সামনে এল, যখন সংস্থার আর্থিক অবস্থা নিয়ে তীব্র চাপ তৈরি হয়েছে। এর আগেই গত ১৭ নভেম্বর বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে লেখা এক চিঠিতে স্পাইসজেটের ক্রমবর্ধমান আর্থিক সঙ্কটের বিষয়টি তুলে ধরে পাইলটদের সংগঠন ‘অ্যালপা ইন্ডিয়া’। ওই চিঠিতে পাইলট ও কেবিন ক্রুদের বেতন প্রদানে বারবার দেরি হওয়ার পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থাগুলোর বকেয়া পাওনার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
অ্যালপা ইন্ডিয়ার আশঙ্কা, বেতন না পাওয়ায় তৈরি হওয়া আর্থিক দুশ্চিন্তা ও মানসিক চাপ ককপিটের কর্মীদের একাগ্রতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। সংগঠনের মতে, সংসারের ন্যূনতম আর্থিক চাহিদা মেটাতে হিমশিম খাওয়ার পরিস্থিতিতে বিমান চলাচলের মতো অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করা কর্মীদের জন্য বড় চাপের বিষয়।