“আমাকে ছবিতে নিতে চান না অনেক বড় মানুষ”, ৮ ঘণ্টার কাজের নিয়ম নিয়ে বিস্ফোরক অক্ষয় কুমার!

আট ঘণ্টার বেশি কাজ না করার অভ্যাস নিয়ে বলিউডে চলা গুঞ্জন এবং তার জেরে বড় প্রযোজকদের ছবি থেকে বাদ পড়ার প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় কুমার। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে রবি কিষাণের সঙ্গে উপস্থিত হয়ে নিজের কাজের ধরন ও জীবনযাত্রার নিয়ম তুলে ধরেন অভিনেতা।

অনুষ্ঠানে করণ জোহর যখন নতুন পরিচালককে সুযোগ দেওয়া এবং নির্মাতাদের প্রতি অক্ষয়ের সহযোগিতার প্রশংসা করেন, তখনই কাজের সময়সীমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। অক্ষয় জানান, “অনেক বড়-বড় ব্যক্তিত্ব আমাকে তাঁদের ছবিতে নিতে চান না। নানা গুজব রয়েছে। তাঁরা বলেন, আমি নাকি মাত্র আট ঘণ্টা কাজ করি।” তবে কারও নাম প্রকাশ করেননি তিনি।

নিজের যুক্তি তুলে ধরে অক্ষয় বলেন, ওই আট ঘণ্টার মধ্যে তিনি একবারও ভ্যানিটি ভ্যানে যান না এবং ক্যামেরার সামনেই সক্রিয় থাকেন। তাঁর মতে, দর্শক পর্দায় তারকাদের ক্লান্ত দেখতে চান না, বরং সুন্দর ও সতেজ দেখতে চান। সেই কারণেই তিনি আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা ঘুম, দু’ঘণ্টা শরীরচর্চা এবং বাকি কয়েক ঘণ্টা পরিবারকে দেওয়ার রুটিন মেনে চলেন বলে জানান।