বিরোধী দলনেতা কে হবেন? ঋতব্রতর পদ খারিজের পর স্পিকারকে নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ ওই সিদ্ধান্ত খারিজ করে স্পিকারকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার পর বিরোধী দলনেতা পদ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, স্পিকার কী সিদ্ধান্ত নেবেন, তা সম্পূর্ণ তাঁর বিষয়; তবে তাঁর জানা অনুযায়ী, যে পক্ষে বিধায়কের সংখ্যা বেশি, বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সেই সংখ্যাই গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, বিধানসভায় ডিটিএমসি-র বিধায়ক সংখ্যাই বেশি, যদিও তৃণমূলের অস্তিত্ব আর নেই বলে মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষাপটে যার পক্ষে বিধায়ক বেশি, স্পিকারের উচিত তাকেই বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া।

প্রসঙ্গত, গত ৩ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। হাইকোর্ট এদিন জানিয়েছে, অধ্যক্ষের ওই সিদ্ধান্তের কোনও আইনি বৈধতা নেই।

অধ্যক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় জানান, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও শোভনদেব চট্টোপাধ্যায়কে শুনানির সুযোগ না দিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি বিধানসভায় গণতান্ত্রিক তৃণমূল নামে কোনও দল নথিভুক্ত নেই, সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামই নথিভুক্ত রয়েছে বলেও আদালতে সওয়াল করেন তিনি।