লাল, সবুজ আর হলুদ সাজে তিনবার মনোনয়ন! রাজস্থানের ভোটে বাজিমাত বাতি কুমারীর

যিনি কংগ্রেস প্রার্থী, তিনিই আবার বিজেপি প্রার্থী, সেই তিনিই কিনা শেষমেশ নির্দল প্রার্থী! একই নির্বাচনে তিনবার তিন পরিচয়ে মনোনয়ন জমা দিলেন একই প্রার্থী। শুধু তাই নয়, প্রতিবার তিনরকম সাজে সেজে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তিনি—একবার লাল শাড়িতে, একবার সবুজ সালোয়ার কামিজ এবং শেষে হলুদ শাড়িতে। রাজস্থানের স্থানীয় নির্বাচনে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনা এবং শেষে ওই প্রার্থীর জয়লাভের অভিনব কৌশল ঘিরে এখন তীব্র চর্চা শুরু হয়েছে।

প্রথমবার কংগ্রেসের প্রার্থী হিসেবে, দ্বিতীয়বার বিজেপির হয়ে এবং তৃতীয়বার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রাজস্থানের বাতি কুমারী। প্রথমবার লাল শাড়ি পরে মনোনয়ন জমা দিতে হাজির হয়েছিলেন তিনি। সে সময় তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ওয়াজিব আলি এবং মনোনয়নপত্রে সই করার সময় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন বাতি কুমারী।

এরপর দ্বিতীয়বার মনোনয়ন জমা দিতে আসেন সবুজ সালোয়ার কামিজ পরে; সেবারও ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল তাঁর। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক জওহর সিং বেধম।

তৃতীয়বার বাতি কুমারী হাজির হন হলুদ শাড়ি পরে, তবে এবার আর তাঁর মুখ ঢাকা ছিল না। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি এবং শেষ পর্যন্ত নির্বাচনে জয়ও পান নির্দল প্রার্থী হিসেবেই।

তিনবার তিন রকম রাজনৈতিক পরিচয়ে মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই আসনটি নিজের দখলে আনেন বাতি কুমারী। এই পুরো আয়োজনের নেপথ্যে ছিলেন তাঁর শ্বশুর অর্জুন প্রধান, যিনি আগে ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বাতি কুমারীকে বিজেপিও সমর্থন জানিয়েছিল এবং পরবর্তী সময়ে তাঁর হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, কেবল একটি রাজনৈতিক দলের সমর্থনে নির্বাচনে জেতার বিষয়ে নিশ্চিত ছিলেন না বলেই তিনটি পৃথক পরিচয়ে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাতি কুমারী। নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থী একটি ওয়ার্ড বা কেন্দ্রের জন্য সর্বাধিক চারটি মনোনয়নপত্র জমা দিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে একটি মাত্র রাজনৈতিক দলের প্রার্থী অথবা নির্দল প্রার্থী হিসেবেই লড়তে হয়। বাতি কুমারীর ক্ষেত্রেও শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছেন তিনি।