৩০০ গুণ বেশি আক্রান্ত! ডেঙ্গি নিয়ে প্রকাশ্যে এল বিস্ফোরক নতুন তথ্য

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গে ডেঙ্গি সংক্রমণ এবং মৃত্যুর প্রকৃত তথ্য গোপন করা হত বলে গুরুতর অভিযোগ উঠেছে। এমনকী, কেন্দ্রীয় সরকারের কাছেও ডেঙ্গি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য পাঠানো হত না বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালের ডেঙ্গি আক্রান্ত ও মৃত্যুর নতুন পরিসংখ্যান সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের দাবি, ডেঙ্গি মোকাবিলায় বর্তমান সরকার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং কেন্দ্রীয় সরকারও ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে।
জাতীয় ভেক্টর বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে রাজ্যের তরফে আগে জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৬৮৩ এবং মৃতের সংখ্যা ৪। কিন্তু নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ওই বছর আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজার ৭৪ এবং মৃত্যু হয়েছিল ৭৯ জনের। সেই হিসাব অনুযায়ী, ডেঙ্গি আক্রান্তের নিরিখে দেশের মধ্যে প্রথম এবং মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ।
২০২৪ সালের পরিসংখ্যানেও বড় পার্থক্য ধরা পড়েছে। আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪১ এবং মৃত্যুর সংখ্যা শূন্য। কিন্তু নতুন তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ছিল ৩১ হাজার ৯৪ এবং মৃত্যু হয়েছিল ৩১ জনের। ওই বছর আক্রান্তের নিরিখে দেশে দ্বিতীয় এবং মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে ছিল এই রাজ্য।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালে রাজ্য সরকার কেন্দ্রকে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য পাঠায়নি। তবে নতুন পরিসংখ্যান অনুযায়ী, ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৮৮৭ এবং মৃত্যু হয়েছিল ২৮ জনের। আক্রান্ত ও মৃত্যুর নিরিখে, দুই ক্ষেত্রেই দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ।
চলতি ২০২৬ সালেও আগের সরকারের আমলে স্বাস্থ্য ভবন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য পাঠানো হয়নি বলে দাবি করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেঙ্গির তথ্য প্রকাশ করা শুরু হয়েছে এবং নিয়মিত কেন্দ্রের কাছে সেই তথ্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।
ডেঙ্গি সংক্রান্ত এই নতুন পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং পূর্ববর্তী সরকারের তথ্য প্রকাশের পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমান সরকারের দাবি, নিয়মিত তথ্য প্রকাশ এবং নজরদারির মাধ্যমে ডেঙ্গি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।