ডাল তড়কায় ২৪ ক্যারাট সোনা! রণবীর ব্রারের রেস্তোরাঁয় এই বিলাসবহুল পদ কোথায় মিলছে?

সোনা দিয়ে তৈরি গয়নার কথা অনেকেই শুনেছেন, কিন্তু সোনা দেওয়া ডাল তড়কা? শুনতে অবাক লাগলেও এই বিলাসবহুল পদ এখন মিলছে দুবাইয়ে। সেলিব্রিটি শেফ রণবীর ব্রারের রেস্তোরাঁ ‘কাশকান’-এ পরিবেশিত এই বিশেষ ডাল তড়কায় ২৪ ক্যারাট ভোজ্য সোনার ব্যবহার ঘিরে ইতিমধ্যেই খাদ্যরসিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সাধারণ ঘরোয়া ডাল তড়কাকে দুবাইয়ে রাজকীয় লাক্সারি ফুডে রূপ দিয়েছেন রণবীর ব্রার। রেস্তোরাঁর সিগনেচার এই পদে হলুদ ডালের ওপর দেওয়া হচ্ছে আসল ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাতলা পরত। জানানো হয়েছে, এই সোনা খাওয়ার উপযোগী এবং শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ।
কাশকান দুবাইয়ের মেনু অনুযায়ী, এই গোল্ড ডাল তড়কার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। দুবাইয়ের মুদ্রায় যার দাম প্রায় ১৫০ থেকে ১৮০ দিরহাম।
যাঁরা এই পদ চেখে দেখেছেন, তাঁদের মতে সোনার নিজস্ব কোনও স্বাদ নেই; এটি মূলত সৌন্দর্য ও বিলাসিতার জন্য ব্যবহার করা হয়। তবে ডালের স্বাদ একেবারে রাজকীয়। দেশি ঘি, কাসুরি মেথি ও বিশেষ তড়কায় তৈরি এই ডাল মুখে দিলেই গলে যায় বলে দাবি করা হয়েছে। ওপরে সোনার ওয়ার্ক থাকায় পদটির উপস্থাপনাও নজরকাড়া।
পরিবেশনেও রয়েছে বিশেষ চমক। সাধারণ বাটির বদলে ডালটি পরিবেশন করা হয় কাঠের একটি সিন্দুকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে রেস্তোরাঁর এক কর্মী জানান, ভারতীয় রীতিতে দামি জিনিস সিন্দুকে রাখার প্রচলন থেকেই একে ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’ বলা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই পদের ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেক ফুড ব্লগার একে বিলাসবহুল ভারতীয় খাবারের নতুন সংজ্ঞা হিসেবে উল্লেখ করছেন।