বিয়ের আসরে টাকার বৃষ্টি, ঝাঁটা দিয়ে কুড়োচ্ছেন লোকজন! অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে ঘিরে তুমুল চর্চা

মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার পাটনা জেলার নাদওয়ান গ্রামে পৈতৃক বাড়িতে ঋষিকেশ কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিবাঙ্গী, তবে জাঁকজমকের চেয়েও বেশি আলোচনায় এসেছে বিয়ের আসরের একটি ভাইরাল ভিডিও, যেখানে টাকার নোট ঝরে পড়তে এবং মাটি থেকে ঝাঁটা দিয়ে টাকা কুড়োতে দেখা যাচ্ছে লোকজনকে। ওড়ানো নোটগুলো আসল নাকি নকল, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক চললেও বিষয়টি এখনও স্পষ্ট নয়।

টাকা ওড়ানোর পাশাপাশি মেয়ের বিয়ে উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন বিধায়ক। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থান থেকে আসা ৫২ জন সওয়ার ও ঘোড়া এতে অংশ নেয়, যেখানে পুরস্কার ছিল একটি নতুন মাহিন্দ্রা থার গাড়ি। দৌড়ের শেষের দিকে জনতা ব্যারিকেড ভেঙে ট্র্যাকে ঢুকে পড়ায় বিশৃঙ্খলা তৈরি হয়; আয়োজকরা খেলা বন্ধ করে মাঠ খালি করেন এবং বৃহস্পতিবার ফাইনাল রেস ফের আয়োজনের সিদ্ধান্ত নেন।

ঘোড়ার প্রতি অনন্ত সিংয়ের পরিবারের অনুরাগ পুরনো; তাঁর বাবা চন্দ্রদীপ সিং নাদওয়ানে ঘোড়ার গাড়ির ব্যবসা করতেন, আর ২০১৩ সালে অনন্ত সিং নিজেও আলো ও মিউজিক সিস্টেম লাগানো বিশেষ বগিতে চড়ে প্রিয় ঘোড়া ‘বাদল’-এর টানা গাড়িতে বিহার বিধানসভায় গিয়েছিলেন।

বিয়েবাড়ির সাজসজ্জাতেও ছিল রাজকীয় ছোঁয়া, যেন পাটনার মাঠে গোলাপি রাজপ্রাসাদ তৈরি হয়েছিল। উত্তরপ্রদেশের মউ থেকে প্রায় ৫০০ কারিগর, পশ্চিমবঙ্গের আলোকসজ্জা শিল্পী এবং মোরাদাবাদ ও জয়পুরের ডেকরেটররা কাজ করেন। প্রায় দেড় কিলোমিটার রাস্তাজুড়ে তোরণ, স্তম্ভ, পর্দা ও আলোর মালা বসানো হয় এবং প্রায় ১০ বিঘা জমির মূল মণ্ডপে ১০০ ফুট চওড়া ও ৩০ ফুট উঁচু গোলাপি জয়মালা মঞ্চ তৈরি হয়, যার নকশা জয়পুরের পত্রিকা গেটের আদলে গড়া।