বিল ভোটে কি এনডিএ-র পাশে সুদীপ-কাকলিরা? স্পিকারের অনুমোদন ঘিরে জটিলতা

আগামী ৩০ নভেম্বর সোমবার লোকসভা এবং ২ ডিসেম্বর বুধবার রাজ্যসভার অধিবেশন পুনরায় ডাকার অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় রাজনৈতিক মহলে জল্পনা, এই অধিবেশনেই আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর উদ্যোগ নিতে পারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। এই ভোটাভুটিতে এনসিপিআই সাংসদরা অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এখনও পর্যন্ত লোকসভার স্পিকারের কাছ থেকে দলটির অনুমোদন মেলেনি।

গত ৬ নভেম্বর প্রকাশিত লোকসভার সর্বশেষ আসন বিন্যাস অনুযায়ী, লোকসভায় এআইটিসি-র সাংসদ সংখ্যা ২৮। তবে ওই বিন্যাসেই উল্লেখ করা হয়েছে যে ২০ জন সাংসদ আলাদা বসতে চেয়েছেন এবং সে অনুযায়ী তাঁদের আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।

অধিবেশন শুরুর আগে স্পিকার ওম বিড়লা যদি এনসিপিআই-কে চূড়ান্ত স্বীকৃতি না দেন, তবে কী হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংসদীয় বিধি অনুযায়ী, কোনো দল নির্দিষ্ট পক্ষে ভোট দেওয়ার হুইপ জারি করলে এবং কোনো সাংসদ তা অমান্য করলে, ভোটদানে বিরত থাকলে বা পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট দল দশম তফসিল অনুসারে ১৫ দিনের মধ্যে স্পিকারের কাছে সদস্যপদ খারিজের আবেদন জানাতে পারে।

এআইটিসি-র দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে এনসিপিআই সাংসদরা আরও সমস্যায় পড়বেন। অন্যদিকে এনসিপিআইয়ের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে না এলেও জানিয়েছেন, অধিবেশন শুরুর আগেই তাঁদের দল পৃথক স্বীকৃতি পাবে এবং এনডিএর শরিক হিসেবে অধিবেশনে যোগ দেবে; এ নিয়ে তৃণমূল কংগ্রেসকে চিন্তিত হতে হবে না।