দেড় লাখ টাকার মাদুর! মসলিনের মতো নরম এই শিল্পকর্ম চমকে দিল দিল্লির মেলায়

মাদুর বলতেই সাধারণত ঘরের মেঝেতে পাতা সহজলভ্য আসনের ছবি ভেসে ওঠে, যার দাম কয়েকশো থেকে হাজার টাকার মধ্যেই থাকে। কিন্তু সেই মাদুরের দাম যদি হয় দেড় লাখ টাকা, তবে চমকে উঠতেই হয়। বাংলার ঐতিহ্যবাহী মাদুরশিল্পের এমনই এক বিস্ময়কর রূপ নিয়ে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে হাজির হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অলোক কুমার জানা।

তাঁর স্টলে একদিকে যেমন রয়েছে ৫০০ থেকে ১,০০০ টাকার সাধারণ মাদুর, অন্যদিকে রয়েছে সূক্ষ্ম কারুকাজে ভরা বিশেষ মাদুর, যার দাম ১৫ হাজার থেকে শুরু করে এক লাখ এমনকি দেড় লাখ টাকা পর্যন্ত। এই বিশেষ মাদুরের নাম ‘মসলন’। অলোক জানার কথায়, ব্রিটিশরা এর নাম দিয়েছিলেন মসলন, কারণ এটি মসলিনের মতোই নরম। প্রচলিত বুননের বাইরে গিয়ে প্রতিটি পরতে জড়িয়ে রয়েছে শিল্পীর সময়, নিষ্ঠা ও ধৈর্য।

একটি মসলন মাদুর বুনতে টানা ছ’মাস সময় লাগে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একই কাঠিতে বসে দু’জন শিল্পী একসঙ্গে এই বুননের কাজ করেন। মাদুরের নিজস্ব সেল্ফ ডিজাইন এর সৌন্দর্য বাড়িয়ে তোলে। দীর্ঘ ছ’মাসের পরিশ্রমে সামান্য ভুলচুকেও নষ্ট হয়ে যেতে পারে পরিশ্রম, তাই এটি নিছক গৃহস্থালি সামগ্রী নয়, বরং এক অনন্য হস্তশিল্প।

এই মসলন মাদুরের কাজেই ২০০৮ সালে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন সবংয়ের অলোক কুমার জানা। ফোকাস রাজ্য পশ্চিমবঙ্গের প্যাভিলিয়নে সাজানো তাঁর স্টলে নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী ও শিল্পকর্মের সহাবস্থান দর্শকদের নজর কেড়েছে। দাম শুনে প্রথমে বিস্ময় জাগলেও, এর নরম বুনন, সূক্ষ্ম নকশা ও ছ’মাসের শ্রমের নেপথ্যের গল্প জেনে মুগ্ধ হচ্ছেন বাণিজ্য মেলার দর্শনার্থীরা।