অসম থেকে গুজরাতে কীভাবে পৌঁছল AK-47? তদন্তে নামল এটিএস

গোপন সূত্রে খবর পেয়ে ভদোদরায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করেছে গুজরাত অ্যান্টি টেররিজম স্কোয়াড বা এটিএস। তদন্তকারীরা ধৃত যুবকের কাছ থেকে একটি AK-47 রাইফেল এবং ২৩টি তাজা কার্তুজ উদ্ধার করেছেন।
গুজরাত এটিএস সূত্রে জানা গিয়েছে, ভদোদরার গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে জারোড বাসস্ট্যান্ড থেকে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি অসম থেকে জারোডে এসেছেন বলে মনে করছেন গোয়েন্দারা। ধৃতকে হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে এটিএস।
তদন্তকারীদের মূল লক্ষ্য এখন যুবকের উদ্দেশ্য এবং সম্ভাব্য কোনো নাশকতার ছক ছিল কি না তা খতিয়ে দেখা। পাশাপাশি AK-47 রাইফেলটি কোথা থেকে কেনা হয়েছিল, কে সরবরাহ করেছিল এবং কার কাছে বা কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল—এসব তথ্য জানার চেষ্টা চলছে।
বড় কোনো বেআইনি অস্ত্র কারবার বা চোরাচালান চক্রের সঙ্গে এই ঘটনা যুক্ত, নাকি এটি একক ব্যক্তির ঘটনা, তাও খতিয়ে দেখছে এটিএস। কোথায় অস্ত্র হাতবদল হয়েছে, অসম থেকে গুজরাত আসার পথে ধৃত কারও সঙ্গে দেখা করেছিল কি না এবং আগে তার কাছে আরও কোনো অস্ত্র ছিল কি না—সব দিকই তদন্তের আওতায় রয়েছে। ভদোদরায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।