‘রামায়ণ’ নিয়ে জরুরি শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট! আবেদনকারীকে কী পরামর্শ দিলেন প্রধান বিচারপতি?

প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত বহুল চর্চিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’। এই পরিস্থিতিতে ছবিটির বিরুদ্ধে দায়ের করা মামলার জরুরি শুনানির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। Live Law-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্য কান্ত আবেদনকারীর আইনজীবীকে আদালতের সময় নষ্ট না করার পরামর্শ দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, দর্শকরা ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন এবং নিজেদের মতো করে মতামত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা তাঁদের রয়েছে।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান আবেদনকারীর আইনজীবী। তাঁর অভিযোগ, ছবিটিতে হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এর তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন প্রজন্মের দর্শকদের ওপর এর প্রভাব পড়তে পারে—এই আশঙ্কা প্রকাশ করে আইনজীবী বলেন, অনেক তথ্য বিকৃত করা হয়েছে এবং একটি নতুন প্রজন্ম উঠে আসছে, তাই যত দ্রুত সম্ভব শুনানির দিন ধার্য করা প্রয়োজন। পাশাপাশি তিনি জানান, গত ২৩ নভেম্বর আবেদনটি নথিভুক্ত হলেও এখনও শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি।

শুনানির আর্জির জবাবে বেঞ্চ জানায়, ছবিটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং যাঁরা দেখতে চেয়েছিলেন, তাঁরা দেখে ফেলেছেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, চলচ্চিত্র নির্মাতারা মহাকাব্যটিকে নিজেদের বোঝাপড়া ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করার স্বাধীনতা রাখেন। ছবির উপস্থাপনা নিয়ে কারও আপত্তি থাকলে তিনি পাল্টা দৃষ্টিভঙ্গি তুলে ধরে নিজের মতো করে অন্য একটি ছবি বা তথ্যচিত্র তৈরি করতে পারেন বলেও পরামর্শ দেন তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন, দর্শকরা কোনো ছবির প্রশংসা করতে পারেন, আবার সমালোচনাও করতে পারেন, আর ভিন্ন মতামত প্রকাশের বিষয়টি সম্পূর্ণ সম্মানযোগ্য। আইনজীবীর বারবার অনুরোধ সত্ত্বেও বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ছবিটি মুক্তি পেয়ে যাওয়ায় মামলাটির জরুরি শুনানির কোনো প্রয়োজন নেই। উল্লেখ্য, ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘রামায়ণ: পার্ট ১’ গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে, যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করেছেন।