মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করল IBM, ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য দেশে স্থানান্তরিত হতে হবে অথবা চাকরি ছাড়তে হবে

 ভারতীয় কর্মীদের জন্য চরম দুঃসংবাদ। বিশ্বের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএম (IBM) মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ করা বন্ধ করে দিল। এর জেরে চরম সমস্যায় পড়বেন আমেরিকায় কর্মরত অন্য দেশের নাগরিকরা। তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য দেশে স্থানান্তরিত হয়ে যেতে বলা হয়েছে। যদি কেউ আমেরিকা ছাড়তে না চান, তাহলে তাদের আইবিএমের চাকরি ছেড়ে দিতে হবে।

আইবিএমে প্রায় দেড় লক্ষেরও বেশি কর্মী কাজ করেন, যারা আমেরিকায় ওয়ার্ক ভিসায় রয়েছেন বা গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন। এর মধ্যে হাজার হাজার ভারতীয়ও রয়েছেন। আইবিএমের এই সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের চলতি বছরের শেষভাগের মধ্যেই হয় আমেরিকা ছাড়তে বা তাদের চাকরি ছাড়তে হবে। যদিও আইবিএমের তরফে এখনও জানানো হয়নি যে তাদের এই সিদ্ধান্তে কতজন প্রভাবিত হবেন।

তবে এই সিদ্ধান্তে এইচ-১বি ভিসা (H-1B visa)-এ যারা আমেরিকায় কর্মরত এবং যারা গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষা করছেন, তাদের উপরে বিশেষ প্রভাব পড়তে চলেছে। বহু কর্মীরাই তাদের কোম্পানির উপরে নির্ভরশীল ভিসার ক্ষেত্রে। কোম্পানির তরফেই সাহায্য করা হয় আমেরিকায় স্থায়ী ঠিকানা পেতে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইবিএমের কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত নিতে যে তারা অন্য দেশে স্থানান্তরিত হতে চান কি না। যারা এই প্রস্তাবে রাজি হবেন না তাদের তিন মাসের বেতন দিয়ে চাকরি ছাড়তে বলা হবে। ৩১ ডিসেম্বর তাদের শেষদিন হবে।

কেন ভিসা স্পনসরশিপ বন্ধ করল আইবিএম?

আইবিএম সংস্থার দাবি, তাদের ব্যবসার প্রয়োজন বদলেছে এবং দক্ষ কর্মীও আরও সহজে পাওয়া যাচ্ছে। বিগত কয়েক বছর ধরেই হাই-স্কিলড ভিসা প্রোগ্রামে আইবিএম-র অংশগ্রহণ কমছিল। এই সিদ্ধান্তের ফলে আমেরিকায় কর্মরত বিদেশি, বিশেষ করে ভারতীয় প্রযুক্তি কর্মীদের উপর প্রভাব পড়তে পারে। তবে আইবিএম সব বিভাগে ভিসা স্পনসরশিপ বন্ধ করছে না।

এক্ষেত্রে কর্মীদের জন্য ভারত গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। গত ১৯ নভেম্বর আইবিএম-এর কেরিয়ার পোর্টালে আমেরিকার বাইরে ১,২৭৮টি কনসালটিং পদ ছিল, যার মধ্যে ১,১২৫টি ভারতেই।

এদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর এইচ-১বি (H-1B) নীতি, প্রস্তাবিত ১ লক্ষ ডলারের ফি এবং উচ্চ বেতনের কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ার মতো পরিবর্তনে ভারতীয় টেক-কর্মীদের অনিশ্চয়তা আরও বেড়েছে।

উল্লেখ্য, এইচ-১বি ভিসা এ কর্মরত বিদেশি পেশাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিসা। ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের একটি বড় অংশ এই ভিসার মাধ্যমে আমেরিকায় কাজ করেন। আইবিএমের এই সিদ্ধান্ত সেই কর্মীদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব ভারতীয় আইটি সেক্টরেও পড়তে পারে।

Pratik Saha
  • Pratik Saha