আগে থেকে কিছুই জানানো হয়নি!’ সৌরভ দাসের আটকানোর বিরুদ্ধে আদালতে তোপ অখিল সিবালের, পাল্টা কেন্দ্রের জবাব

সৌরভ দাসের পর এবার সিজেপি-র আরও দুই শীর্ষ নেতার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে সৌরভ দাসের মামলার শুনানির পরই এই নতুন তথ্য প্রকাশ্যে আসে। এর আগে গত ২ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পুলিশের অনুমতি ছাড়াই মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ দেখিয়েছিল সিজেপি। সেই ঘটনায় ৩ অক্টোবর ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (বেআইনি জমায়েত) ও ২২৩ (সরকারি কর্মীর নির্দেশ অমান্য) ধারায় মামলা রুজু হয়। সেই মামলার জেরেই এবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২ অক্টোবর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। মুম্বই পুলিশ সেই জমায়েতের অনুমতি না দিলেও তা উপেক্ষা করেই কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। এর পরদিন, অর্থাৎ ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় একটি এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআরে আয়োজকদের নামের পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অন্যদিকে, গত সোমবার রাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনা সভায় যোগ দিতে লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতরে আটকে দেওয়া হয়েছিল সিজেপি নেতা সৌরভ দাসকে। সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের এজলাসে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, মুম্বই পুলিশের অনুরোধে এই সার্কুলার জারি হয়েছে। পাশাপাশি, সৌরভের পাসপোর্টের নথিতে তাঁর স্কুলজীবন, ঠিকানা এবং পিতৃপরিচয় সংক্রান্ত যে অসঙ্গতি রয়েছে, তা তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলতে পারে বলে দাবি করে কেন্দ্র।
যদিও এদিন আদালতে কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন সৌরভ দাসের আইনজীবী অখিল সিবাল। তাঁর সওয়াল, বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁর মক্কেলকে শোকজ নোটিস ধরানো হয়েছে। আগে থেকে লুকআউট সার্কুলারের কথা না জানিয়ে বা যাত্রায় নিষেধাজ্ঞার কোনও নির্দেশনামা না দেখিয়ে কীভাবে একজন নাগরিককে দেশ ছাড়তে বাধা দেওয়া হল, সেই প্রশ্ন তোলেন তিনি। সিবাল আদালতে বলেন, “আমাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। লুকআউট সার্কুলার জারি হলে অন্তত সেটা তো জানাতে হবে। দেশের নাগরিকদের সঙ্গে কি এমন আচরণ করা যায়?” কোন অপরাধে এবং কবে এই সার্কুলার জারি হয়েছে তা স্পষ্ট করার পাশাপাশি সার্কুলারটির একটি প্রতিলিপিও দাবি করেন তিনি।
তবে কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, লুকআউট সার্কুলারের কপি দেওয়া সম্ভব নয়; আবেদনকারী চাইলে আলাদা আইনি প্রক্রিয়ায় একে চ্যালেঞ্জ করতে পারেন। প্রসঙ্গত, সৌরভ দাসের পর এবার অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি হওয়ায় সিজেপি-র শীর্ষ নেতৃত্বের দেশছাড়া নিয়ে জোরালো নজরদারি শুরু হয়েছে। এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে।
- Aditi Banik
- গো-হত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ, পাল্টা দুষ্কৃতীদের হামলার অভিযোগ! তদন্তে পুলিশ, বাড়ানো হয়েছে টহলদারি November 27, 2026
- আগেও একই অপরাধে জড়িত ছিল অভিযুক্ত! জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরেই ফের গ্রেফতার November 27, 2026
- নথি যাচাইয়ের পর নির্দোষ প্রমাণিত হলে দেশে ফেরানো হবে! মুম্বই পুলিশের ডিপোর্টেশন ঘিরে রাজ্য-কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ November 27, 2026
- আগে থেকে কিছুই জানানো হয়নি!' সৌরভ দাসের আটকানোর বিরুদ্ধে আদালতে তোপ অখিল সিবালের, পাল্টা কেন্দ্রের জবাব November 27, 2026
- মুসলিম-দলিত সমীকরণে বাজি! ইউপি-তে নতুন জোটের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর, উপমুখ্যমন্ত্রী মুসলিম প্রতিশ্রুতি November 27, 2026