স্বাধীনতার পর প্রথমবার পোর্ট ব্লেয়ারে বসছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, বড় সিদ্ধান্তের পথে কলকাতা হাইকোর্ট

দেশের অন্যতম প্রাচীন আদালত কলকাতা হাইকোর্টের ইতিহাসে নতুন নজির তৈরি হতে চলেছে। স্বাধীনতার পর এই প্রথমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে বসতে চলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন সেখানে বিচারকাজ পরিচালনা করবেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কখনও পোর্ট ব্লেয়ারে বসেনি।
এই ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের সঙ্গে থাকবেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতি কৃষ্ণ রাও নিজেও আন্দামানের বাসিন্দা হলেও বর্তমানে হাইকোর্টের বিচার সংক্রান্ত কাজের সুবাদে কলকাতায় থাকেন।
কলকাতা হাইকোর্টের অধীনে মোট তিনটি ক্যাম্পাস রয়েছে। মূল বেঞ্চ কলকাতায় অবস্থিত। এর পাশাপাশি ১৯৫৩ সাল থেকে পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চ এবং ২০১৯ সাল থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু রয়েছে। কিছুদিন আগে প্রাক্তন প্রধান বিচারপতি সুজয় পাল কয়েক দিন জলপাইগুড়িতে ডিভিশন বেঞ্চে বসেছিলেন।
দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতা হাইকোর্টের কর্মসংস্কৃতিতে বদল আনতে সক্রিয় হয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। অপ্রয়োজনে বা কথায় কথায় ছুটি নেওয়ার প্রবণতা কমাতে তিনি ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছেন। পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসানোর সিদ্ধান্তকেও হাইকোর্টের প্রশাসনিক ও বিচারবিভাগীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আইনজীবী মহলের একাংশের মতে, সম্প্রতি এক দিনের জন্য পোর্ট ব্লেয়ারে গিয়ে নিজেই বিচারকাজ করেছিলেন প্রধান বিচারপতি ঘুগে। আন্দামানের বাসিন্দারা যাতে তাঁদের সার্কিট বেঞ্চকে মূল আদালত তথা কলকাতা থেকে বিচ্ছিন্ন বা আলাদা বলে মনে না করেন, সেই বার্তা পৌঁছানোই এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য বলে মনে করছেন আইনজীবীরা।
ন্যাশনাল জুডিসিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী, বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ২৪৮টি। অন্যদিকে, পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে ঝুলে থাকা মামলার সংখ্যা ৬১০টি। এর মধ্যে ৫৪৬টি দেওয়ানি মামলা এবং ৬৪টি ফৌজদারি মামলা রয়েছে। সাধারণত প্রতি ১৫ দিন অন্তর কলকাতা থেকে দু’জন বিচারপতি পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে যান এবং সেখানে ডিভিশন ও একক বেঞ্চে শুনানি হয়। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সেখানে বসার ঘটনা এই প্রথম।