তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াই নির্বাচন কমিশনে, শুক্রবার দুপুর ৩টেয় প্রথম মুখোমুখি শুনানি

তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াই এবার নির্বাচন কমিশনের দরজায়। শুক্রবার এই মামলায় প্রথম মুখোমুখি শুনানি হতে চলেছে। শুনানিতে কালীঘাট তৃণমূলের হয়ে নেতৃত্ব দিতে উপস্থিত থাকতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্র। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, দলের আরও এক আইনি উপদেষ্টাও শুক্রবারের শুনানিতে উপস্থিত থাকবেন।

শুক্রবার দুপুর ৩টেয় দু’পক্ষের প্রতিনিধিদের আইনি শুনানির জন্য ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক সংক্রান্ত এই শুনানিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবারের শুনানিতে দুই পক্ষের বক্তব্য ও আইনি যুক্তির দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপের দিকেও তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

এই প্রসঙ্গে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ন্যায়সংগত হলে আমাদের পাওয়া উচিত প্রতীক। দলের নেত্রী তাঁদের জিতিয়েছেন। এখন তাঁরা বলছেন আমাদের দলনেত্রীর কোনও ভূমিকা নেই। দল তৈরি থেকে শুরু করে সবটা করেছেন দল এবং নেত্রী। তাই প্রতীক পাওয়ার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা আশাবাদী যদি নৈতিকভাবে পিটিশন করা হয়, তবে আমরা পাব।”

প্রসঙ্গত, দুই পক্ষের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নেতাকর্মীরা এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল। বিতর্ক আদালতে গড়ায়। দীর্ঘ কয়েক মাস ধরে চলার পর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনের সময়ে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে কালীঘাটকে ‘মমতা তৃণমূল’ এবং ঋতব্রতদের ‘গণতান্ত্রিক তৃণমূল’ নাম ব্যবহারের অনুমতি দেয়। ‘মমতা তৃণমূল’ অস্থায়ীভাবে ‘বল পায়ে খেলোয়াড়’ এবং ঋতব্রত শিবির ‘খাম’ প্রতীকে লড়াই করে। তবে জোড়াফুল প্রতীক এবং এআইটিসি নাম নিয়ে এখনও ফয়সালা হয়নি।

উল্লেখ্য, এই মামলায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করছে দুই পক্ষের রাজনৈতিক ভবিষ্যৎ। জোড়াফুল প্রতীক ও তৃণমূল কংগ্রেস নাম কে পাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। শুক্রবারের শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা তাঁদের যুক্তি তুলে ধরবেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন এই মামলায় কী পদক্ষেপ নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha