দিঘার মন্দির থেকে বাদ ‘ধাম’! শুভেন্দুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত মোহনচরণ মাঝি, মমতাকে তোপ

দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ওড়িশাবাসী ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জগন্নাথ ভক্তদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক্স (X)-এ পোস্ট করে শুভেন্দুকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
নতুন নাম কী হচ্ছে? শুভেন্দু অধিকারীর চিঠি অনুযায়ী, এখন থেকে দিঘার গোটা কমপ্লেক্সটি ‘শ্রীশ্রীজগন্নাথ কালচারাল সেন্টার’ নামে পরিচিত হবে এবং এর ভেতরের মূল মন্দিরটির নাম হবে ‘শ্রীশ্রীজগন্নাথ মন্দির’। শুভেন্দুর বক্তব্য, এই নতুন নামকরণ মন্দিরের পবিত্রতা বজায় রাখার পাশাপাশি প্রকল্পের সাংস্কৃতিক দিকটিও তুলে ধরবে এবং বাংলা ও ওড়িশার সম্পর্ক আরও দৃঢ় করবে।
মোহনচরণ মাঝির প্রতিক্রিয়া ও মমতাকে নিশানা বৃহস্পতিবার চিঠির প্রাপ্তিস্বীকার করে এক্স-এ দীর্ঘ পোস্ট করেন মোহনচরণ মাঝি। পূর্বতন মমতা সরকারকে নিশানা করে তিনি লেখেন, শ্রীক্ষেত্রের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব উপেক্ষা করে দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে ‘জগন্নাথ ধাম’ শব্দ ব্যবহার করায় কোটি কোটি ভক্তের আবেগে আঘাত লেগেছিল।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর দ্রুত পদক্ষেপ ও সংবেদনশীলতার প্রশংসা করে তিনি ধন্যবাদ জানান। দুই রাজ্যে বিজেপি সরকারের সমন্বয় এবং সনাতন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার কারণেই এই সমাধান এসেছে বলে দাবি করেন তিনি।
বিতর্কের প্রেক্ষাপট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মিত দিঘার মন্দিরকে ‘ধাম’ বলা নিয়ে দীর্ঘদিন ধরেই ধর্মীয় ও রাজনৈতিক মহলে বিতর্ক চলছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর গত জুনে ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিপত্র নিয়ে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। সেই বৈঠকের পর শাস্ত্র ও অভিধানের যুক্তি তুলে ধরে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার ঘোষণা করেছিলেন শুভেন্দু। এবার সরকারি চিঠির মাধ্যমে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিল রাজ্য সরকার।