কোলাঘাটে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন, নিতিন গড়করির উপস্থিতিতে কেন্দ্র-রাজ্য সহযোগিতার বার্তা শুভেন্দুর

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক নিয়ে নাম না করে তৃণমূল কংগ্রেস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগে রাজ্য সরকার রাজনৈতিক কারণে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক খারাপ করে রেখেছিল। তবে, গত ছ’মাসে বিজেপির সরকার সেই সম্পর্ককে আবার ঠিক করে নিয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সড়ক পরিবহণ সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হয়। সেই উপলক্ষ্যে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়করি। তাঁর সামনেই মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকারের আমলে কেন্দ্র-রাজ্য বৈরিতা নিয়ে প্রশ্ন তোলেন।

শুভেন্দু বলেন, “আমাদের রাজ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যতগুলি কাজ পড়েছিল, গত ছ’মাসে সেগুলির এনওসি দেওয়া, জমির ব্যবস্থা করা এবং কেন্দ্র-রাজ্যের মধ্যে যে সম্পর্ক বিগত দিনে নষ্ট করে দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে, আমরা সেটা পুনরুদ্ধার করেছি। আমরা কী করেছি, নিতিনজির মুখ থেকে শুনব।”

তাঁর সংযোজন, “আমাদের সরকার কীভাবে ছ’মাসে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করছে, সেটা আপনারা নিতিনজির কাছ থেকে জেনে নেবেন।”

এছাড়া এদিন কী কী প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস হল, তা নিয়েও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজকে মাননীয় নিতিন গড়করির হাত ধরে শিলান্যাস-উদ্বোধন, সব মিলিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা আমাদের রাজ্য কেন্দ্রের কাছ থেকে পাচ্ছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার নামাঙ্কিত নরঘাট সেতুর আরেকটি সেতু-সহ আমাদের একাধিক প্রকল্প এখানে তিনি ঘোষণা করেছেন। উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় সেতু আজ তিনি জাতিকে উৎসর্গ করলেন। ফরাক্কার এই দ্বিতীয় সেতু শুধু উত্তরবঙ্গের সঙ্গে সমগ্র রাজ্যের যোগাযোগকে তরান্বিত করবে তা নয়, উত্তর-পূর্ব ভারত এবং নেপাল-ভুটান-সহ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য-পর্যটন ক্ষেত্রেও অনেক উন্নয়ন হবে।”

এর পর মুখ্যমন্ত্রী জানান, নিতিন গড়করি তাঁকে জানিয়েছেন, জমির ব্যবস্থা হলে কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিতে প্রস্তুত। রাজ্যে সড়ক দুর্ঘটনা রুখতে রাজ্য সরকার সবরকম সাহায্য করবে বলে গড়করি তাঁকে আশ্বাস দিয়েছেন বলেও জানান শুভেন্দু।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগেও একাধিকবার কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে এবার সরকারি অনুষ্ঠান থেকে সরাসরি এই ইস্যুতে মুখ খোলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha