এসবিআই-এ ১,৫৪০ জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ, বড় ঘোষণা চেয়ারম্যান সি এস শেট্টির!

দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগের বড় ঘোষণা করা হল। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্যাঙ্ক জানিয়েছে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জমে থাকা ব্যাকলগ শূন্যপদ পূরণের লক্ষ্যে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষিত ক্যাটাগরিতে মোট ১,৫৪০ জন জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে।

এসবিআই সূত্রে জানা গেছে, ২০২৭ অর্থবর্ষের মধ্যে ক্ল্যারিক্যাল ও অফিসার ক্যাডারে প্রায় ১১ থেকে ১২ হাজার কর্মী নিয়োগের যে বৃহত্তর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এই নিয়োগ তারই একটি অংশ। ব্যাঙ্কের সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ করা হচ্ছে। চলতি বছরে এসবিআই তাদের শাখা নেটওয়ার্কে আরও ২০০ থেকে ২৫০টি নতুন শাখা যুক্ত করার পরিকল্পনা করেছে।

এই নিয়োগ প্রসঙ্গে এসবিআই-এর চেয়ারম্যান সি এস শেট্টি বলেন, সুসংগঠিত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের গড়ে তোলার ওপর ব্যাঙ্ক বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাঁর কথায়, এমন একটি ভবিষ্যৎ-উপযোগী কর্মী বাহিনী তৈরি করাই লক্ষ্য, যাঁরা প্রযুক্তিগত উন্নতির সঠিক ব্যবহার করে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে পারবেন। সরকারি নির্দেশিকা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে জমে থাকা শূন্যপদ পূরণ এবং ব্যাঙ্কের কাজের পরিসরে বৈচিত্র্য ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্যাঙ্কের বিবৃতি অনুযায়ী, কাস্টমার সাপোর্ট ও সেলস বিভাগে নতুন জুনিয়র অ্যাসোসিয়েটদের যুক্ত করা হলে গ্রাহক পরিষেবার মান আরও উন্নত হবে। এর ফলে শাখাগুলির দৈনন্দিন কাজকর্ম আরও গতিশীল হবে এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যাঙ্কের বিশাল নেটওয়ার্কে গ্রাহকরা আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন পরিষেবা পাবেন।

উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা এবং ২৯ অক্টোবর মূল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রায় ২.৪৭ লক্ষ কর্মী কর্মরত রয়েছেন, যা ব্যাঙ্কটিকে দেশের অন্যতম বৃহত্তম নিয়োগকারী প্রতিষ্ঠানে পরিণত করেছে।