বিরোধীদের ‘বাধা পক্ষ’ বলে কটাক্ষ মোদীর, ৩৭০ ধারা থেকে মহিলা সংরক্ষণ—কী বললেন?

সংবিধান দিবসে একাধিক ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, ক্ষমতার স্বার্থে অতীতে সংবিধানকে দুর্বল করেছে কংগ্রেস। পাশাপাশি আইনসভায় মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিল পাসের পথেও বিরোধীরা বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি। বিরোধী শিবিরকে ‘ভোটার পক্ষ’ নয়, বরং ‘বাধা পক্ষ’ বলে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, দেশের নারীশক্তিকে ন্যায়বিচার দেওয়ার লক্ষ্য থেকে সরকার পিছিয়ে আসবে না।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে সংবিধান দিবসে একটি প্রবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী। সেখানে ডঃ রাজেন্দ্র প্রসাদ, ডঃ বি আর আম্বেদকর-সহ গণপরিষদের সদস্যদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সাংবিধানিক যাত্রার বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন তিনি।
জরুরি অবস্থা ও সংবিধান সংশোধনী প্রসঙ্গ
মোদীর বক্তব্য, ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনীর ৭৫ বছর এবং জরুরি অবস্থার সময় ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর ৫০ বছর পূর্ণ হচ্ছে। প্রথম সংশোধনীর মাধ্যমে তৎকালীন সরকার নাগরিকদের মৌলিক স্বাধীনতা খর্ব করেছিল বলে অভিযোগ তাঁর। নিজের সাধারণ পরিবারে বেড়ে ওঠার প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিকের জীবনের সঙ্গে সংবিধান অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সংবিধানের জন্যই জন্মপরিচয় কারও ভবিষ্যতের সীমা নির্ধারণ করতে পারে না।’
নিবন্ধের বড় অংশ জুড়েই রয়েছে কংগ্রেসের সমালোচনা। ১৯৫১ সালের প্রথম সংশোধনী ও ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর প্রসঙ্গ তুলে মোদীর দাবি, ক্ষমতা ধরে রাখতে মৌলিক অধিকার ও বিচারবিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছিল। ৩৮তম ও ৩৯তম সংশোধনীও তরুণ প্রজন্মকে পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচিত রাজ্য সরকার ভাঙতে ৩৫৬ ধারার প্রায় ১০০ বার অপব্যবহারের অভিযোগও তুলেছেন প্রধানমন্ত্রী।
৩৭০ ধারা ও মহিলা সংরক্ষণ বিতর্ক
জম্মু-কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ ধারা নিয়েও সরব হয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, সাত দশকের বেশি সময় এই দুই ধারার কারণে সেখানে সম্পূর্ণ সংবিধান কার্যকর হয়নি এবং এসসি, এসটি, ওবিসি ও মহিলারা বঞ্চিত হয়েছেন। ২০১৯ সালে তাঁর সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করে সেই ঐতিহাসিক ভুল সংশোধন করেছে বলে দাবি মোদীর।
এই প্রবন্ধে বিশেষ গুরুত্ব পেয়েছে মহিলা সংরক্ষণ বিল। প্রধানমন্ত্রীর অভিযোগ, আইনসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আনা বিল পাস হতে দেয়নি বিরোধীদের বড় একটি অংশ। এই বিলকে ঘিরে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে। সরকারের যুক্তি, সংরক্ষণ কার্যকর করতে আসন পুনর্বিন্যাস প্রয়োজন; অন্যদিকে বিরোধীদের আপত্তি, এতে রাজ্যের প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যেতে পারে। তবে মোদীর আশ্বাস, কোনও শক্তিই নারীশক্তিকে ন্যায়বিচার দেওয়ার সংকল্প আটকাতে পারবে না।
সংরক্ষণ, নকশালবাদ ও সরকারের সাফল্য
ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার পরিকল্পনা করা বিরোধী শিবিরকেও তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী। নকশালবাদের অবসানকে দরিদ্র ও আদিবাসীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বড় পদক্ষেপ বলে উল্লেখ করে ‘দিমাগি নকশাল’দেরও আক্রমণ করেছেন তিনি।
পাশাপাশি নিজের সরকারের সাফল্য তুলে ধরে GST, EWS-এর ১০ শতাংশ সংরক্ষণ, জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনকে সাংবিধানিক মর্যাদা, ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধানের ২২টি ভাষায় অনুবাদের কথা উল্লেখ করেছেন মোদী। প্রধানমন্ত্রী আবাস, উজ্জ্বলা, আয়ুষ্মান ভারত ও UPI-র মাধ্যমে সাধারণ মানুষের ক্ষমতায়নের কথাও বলেছেন তিনি। বিশ্বব্যাঙ্কের রিপোর্টের উল্লেখ করে তাঁর দাবি, প্রায় ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ‘চিন্তায় রাষ্ট্র প্রথম, কাজে কর্তব্যবোধ’—এই দুই নীতিকে পাথেয় করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।