সনি লিভ ও নেটফ্লিক্সে পরপর মুক্তি! কোন দিন থেকে দেখা যাবে নিম করোলি বাবার ছবি?

বড় তারকা বা বিশাল প্রচারের জাঁকজমক ছাড়াই মাত্র ২ কোটি টাকা বাজেটে তৈরি হয়ে বিশ্বজুড়ে ৪৫২ কোটির বেশি ব্যবসা করেছে ‘হনুমান অংশ’। বলিউডের প্রথম সারির প্রযোজকরা সেভাবে সাড়া না দিলেও এবার একসঙ্গে দু’টি বড় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নিম করোলি বাবার জীবন নিয়ে তৈরি এই ছবি। বক্স অফিসে ৪৫২.৮৬ কোটি টাকার সাফল্যের পর দর্শকদের জন্য এবার ওটিটি মুক্তির চমক নিয়ে হাজির হয়েছে ছবিটি।
চলতি মাসের শুরুতেই সনি লিভ ঘোষণা করেছিল যে আগামী ২৭ নভেম্বর তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘হনুমান অংশ’। এর মাঝেই দর্শকদের চমকে দিয়ে নেটফ্লিক্স জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর থেকে নেটফ্লিক্স ইন্ডিয়াতেও ছবিটি দেখা যাবে। অর্থাৎ মাত্র দু’দিনের ব্যবধানে দু’টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে ছবিটি। নেটফ্লিক্সের পোস্টারে জানানো হয়েছে, বিশ্বাস কীভাবে একজন মানুষের জীবন বদলে দেয় এবং তাঁর ভক্তি কীভাবে হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন আনে, সেই গল্পই তুলে ধরা হয়েছে এখানে। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং গুজরাটি—এই পাঁচটি ভাষায় ছবিটি দেখতে পাবেন দর্শকরা।
বক্স অফিসে এত বড় সাফল্য সত্ত্বেও বলিউডের বড় প্রযোজনা সংস্থাগুলোর নীরবতায় আক্ষেপ প্রকাশ করেছেন ছবির পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী। এক সাক্ষাৎকারে তিনি জানান, বড় ছবি হিট হলে বড় প্রযোজনা সংস্থাগুলো শুভেচ্ছা জানায়, কিন্তু ছবিটি ছোট এবং তিনি নতুন পরিচালক হওয়ায় কোনও বড় স্টুডিও বা প্রযোজক শুভেচ্ছাবার্তা পাঠাননি। বিষয়টি তাঁকে বেশ অবাক করেছে।
বড় প্রযোজকরা মুখ ফেরালেও সাধারণ দর্শক ছবিটিকে আপন করে নিয়েছেন বলে দাবি পরিচালকের। বাইরে মানুষের সঙ্গে দেখা হলে ছবির গল্পের প্রশংসা শোনেন তিনি, পাশাপাশি অভিনেতা বরুণ ধাওয়ান এবং প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগসহ চলচ্চিত্র ও ক্রীড়া জগতের কয়েকজন প্রকাশ্যে পাশে দাঁড়িয়েছেন। বিশাল চতুর্বেদীর লেখা বই ‘ডিভাইন ডিট্যুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ’ অবলম্বনে নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য এবং চন্দন আনন্দ। পরিচালকের মতে, কোটি টাকা বা বড় তারকা ছাড়াও ভালো গল্প থাকলে দর্শকের মন জয় করা সম্ভব, আর সেটাই প্রমাণ করেছে ‘হনুমান অংশ’।