জমি বেচে সন্ত্রাসে অর্থ জোগানোর ছক? হিজবুলের পুরনো নেটওয়ার্কে কড়া আঘাত পুলিশের

তিন দশক আগে বাড়ি ছেড়েছিলেন তাঁরা, আর পরিবারের কাছে সকলেই নিখোঁজ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তদন্তে উঠে এসেছে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার মাহোর ও চাসানার পাহাড়ি এলাকা থেকে ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে নিখোঁজ হওয়া ৩০ জন আসলে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে বোমা তৈরি, রাইফেল চালানো এবং ভারতের বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন বলে দাবি করছে পুলিশ। এত বছর পরেও তাঁদের তৎপরতা থামেনি, বরং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বসে নতুন কৌশলে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছেন তাঁরা।
সম্প্রতি এই ৩০ জনের নামের একটি নথি হাতে পেয়েছে এক বেসরকারি সংবাদমাধ্যম। পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠন হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করছেন ওই ৩০ জন। সীমান্তের ওপার থেকে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো, অর্থ সরবরাহ এবং জম্মুর যুবকদের উগ্রপন্থায় প্ররোচিত করার কাজ চালাচ্ছেন তাঁরা।
তদন্তকারীদের মতে, শুধু দূরে বসে নির্দেশ দেওয়াই নয়, নিজেদের পুরনো সম্পত্তি বিক্রি করেও জঙ্গি কার্যকলাপের জন্য তহবিল জোগাড়ের চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা। পরিচিত ও সহযোগীদের মাধ্যমে রিয়াসি জেলায় থাকা পৈতৃক জমি বিক্রি করে সেই অর্থ অস্ত্র কেনা, নতুন সদস্য নিয়োগ এবং হামলার কাজে লাগানোর ছক কষা হয়েছিল। ২০২৪ সালের ২৯ নভেম্বর পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। সাক্ষীদের বক্তব্য খতিয়ে দেখতে গিয়ে এই জমি বিক্রির পরিকল্পনার তথ্য সামনে আসে।
জমি বিক্রির মাধ্যমে জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর পথ বন্ধ করতে ইতিমধ্যেই পাঁচ জনের সম্পত্তি বাজেয়াপ্ত বা সিল করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজির নির্দেশে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিয়াসির পুলিশ সুপার মুকুন্দ লাল জানিয়েছেন, মাহোরের মহম্মদ কায়ুম ওরফে আবদুল কায়ুম শাদোলের তিন কানাল জমি, বাদ্দেরের বাসির আহমেদ ওরফে মাসুমের তিন কানাল জমি, আরনাসের শওকত আলি হুন্ডারের তিন কানাল জমি এবং থুরু গ্রামের মনজুর আহমেদ ওরফে মনজুর হুসেন খান্টির ১৫ কানাল ১৯ মারলা জমি বাজেয়াপ্ত বা সিল করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, এই পাঁচ জনের মতো নথিতে থাকা বাকি ২৫ জনও পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বর্তমানে সীমান্তের ওপার থেকে জম্মুর প্রত্যন্ত এলাকায় সন্ত্রাসবাদ ফের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। পুলিশের বক্তব্য, জমি বাজেয়াপ্ত হওয়ায় জঙ্গিরা সহজে সম্পত্তি বেচে অর্থ জোগাতে পারবেন না, পাশাপাশি জঙ্গিকে জমি বিক্রিতে সাহায্য করাও গুরুতর অপরাধ বলে সতর্ক করা হয়েছে। দক্ষিণ পীর পাঞ্জাল এলাকায় জঙ্গি নেটওয়ার্ক ভাঙতে এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পুলিশ।