৭৫ বছর বয়সে বৃদ্ধাশ্রমেই নতুন জীবন! সাত পাকে বাঁধা পড়লেন প্রবীণ যুগল

দীর্ঘদিনের একাকীত্ব কাটিয়ে বন্ধুত্ব থেকে নতুন জীবনে পা রাখলেন এক প্রবীণ যুগল। হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে ৭৫ বছর বয়সি বৃদ্ধ এবং ৬৩ বছর বয়সি বৃদ্ধা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃদ্ধাশ্রমেই দুজনের আলাপ হয়েছিল এবং অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কানহাইয়া লাল এবং সাবিনা ঘাঘাসের আপনা ঘর বৃদ্ধাশ্রমে বাসিন্দা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে হিন্দু রীতি মেনে বিবাহ সম্পন্ন করেন। মালাবদল, প্রথাগত আচার এবং অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘোরার মধ্য দিয়ে এই বিয়ে হয়।

বিশেষ এই অনুষ্ঠানে বরযাত্রী দলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাঁদের হাতে বিয়ের উপহার তুলে দেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় হলদি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সূচনা হয় বৃদ্ধাশ্রমটিতে। ওই অনুষ্ঠানে কানহাইয়া লাল ও সাবিনা দুজনই হলুদ পোশাক পরেন এবং হিমাচলি ঐতিহ্যবাহী গানে মেতে ওঠেন। অন্য বাসিন্দা ও সংস্থার সদস্যরা আশীর্বাদ ও শুভেচ্ছা জানান নবদম্পতিকে।

অনুষ্ঠানে কিরণ ভাদানা বলেন, এই বিয়ে সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। আপনা ঘরের উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, বয়স যাই হোক না কেন, পরিপূর্ণ জীবন যাপনের অধিকার প্রত্যেকের রয়েছে এবং বয়স বাড়লে জীবন উপভোগ বা সঙ্গী খোঁজা বন্ধ করার কোনো কারণ নেই।

আপনা ঘরের প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বনসাল জানান, ২০২২ সালে তাঁদের একটি দল একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করে। আগে পরিবারের সঙ্গে থাকলেও স্ত্রীর মৃত্যুর পর সম্পত্তি ভাইদের নামে লিখে দেন তিনি, পরে বাড়ি থেকে তাড়ানো হলে গুহায় থাকতে শুরু করেন। মান্ডি জেলার জানজেহলি অঞ্চলের থুনগ গ্রামের বাসিন্দা কানহাইয়া লালকে উদ্ধার করার পর থেকেই ওই বৃদ্ধাশ্রমে রাখা হয়।

অন্যদিকে কলকাতার বাসিন্দা সাবিনা বাড়ি থেকে পথ হারিয়ে হিমাচল প্রদেশে পৌঁছন। সংস্থার তথ্য অনুযায়ী, তাঁকে শিমলায় আনা হয় এবং ২০২৫ সালে বিলাসপুরের একটি বৃদ্ধাশ্রমে পাঠানো হয়।

একই ছাদের নিচে থাকতে থাকতে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ের পর সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন কানহাইয়া লাল ও সাবিনা, যেখানে শুরু হবে তাঁদের দাম্পত্য জীবন। অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল, প্রকাশ চাঁদ বনসালসহ বহু অতিথি উপস্থিত ছিলেন। প্রবীণদের আশ্রয় ও পরিচর্যা দেওয়া এই কেন্দ্রের দায়োলি শাখায় ২৫ জন বাসিন্দার থাকার ব্যবস্থা রয়েছে।