শুধু ট্যাব বন্ধ করলেই চলবে না! হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম কী?

হোয়াটসঅ্যাপ ওয়েব নিয়ে কড়া নির্দেশ জারি করল কেন্দ্র। সতর্ক না হলেই ফাঁস হয়ে যেতে পারে গোপন তথ্য ও নথি। হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে সরকারি বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে পাবলিক কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক করে জানানো হয়েছে, একটি সক্রিয় সেশন থেকে সাইবার অপরাধীরা বহু তথ্য হাতিয়ে নিতে পারে। জানা গিয়েছে, পাকিস্তান-ভিত্তিক গোয়েন্দা কর্মীরা ৫০টিরও বেশি প্রতিরক্ষা সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে পড়েছিল বলে খবর সামনে আসার পরই বাড়তি সতর্কতা নিয়েছে কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা আই৪সি একটি নির্দেশ জারি করেছে। সেখানে ব্যবহারকারীদের জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন থেকে প্রচুর পরিমাণে গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবের নিরাপদ ব্যবহার নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি সচেতনামূলক বার্তা ও গ্রাফিক্স শেয়ার করেছে।
নির্দেশিকায় প্রথম পরামর্শ দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবে অফিসিয়াল বা সংবেদনশীল কাজ এড়িয়ে চলতে। সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক এবং গোপন তথ্য সম্ভব হলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের মাধ্যমে না পাঠানোর কথা বলা হয়েছে। ব্যবহারকারীদের স্থায়ীভাবে লগ ইন না রাখার এবং কাজ শেষে প্রতিবার লগ আউট করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে যে শুধু ব্রাউজারের উইন্ডো বা ট্যাব বন্ধ করে দেওয়া লগ আউট হিসেবে ধরা হবে না।
যাঁদের একান্তই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে হবে, তাঁদের জন্য একাধিক সতর্কতা দেওয়া হয়েছে। ব্যবহার অপরিহার্য হলে প্রাইভেট বা ইনকোগনিটো ব্রাউজিং মোড ব্যবহার করার কথা বলা হয়েছে, যদিও সংবেদনশীল ক্ষেত্রে তা শুধু বাড়তি সতর্কতা হিসেবেই দেখা উচিত এবং অফিস সিস্টেমে হোয়াটসঅ্যাপ ওয়েব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অজানা বা পাবলিক কম্পিউটার ব্যবহার না করা, অ্যাকাউন্টের অস্বাভাবিক গতিবিধির দিকে নজর রাখা এবং অপারেটিং সিস্টেम, ব্রাউজার ও নিরাপত্তা সফটওয়্যার আপডেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ডাউনলোड, অজানা ফাইল ও ক্র্যাক করা সফটওয়্যার থেকেও দূরে থাকতে বলা হয়েছে ব্যবহারকারীদের।