৭ বছরের দীর্ঘ আইনি লড়াই: মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড, স্বস্তিতে ইসমাইল দরবার

প্রখ্যাত সংগীতশিল্পী ইসমাইল দরবারের মা জাইতুন বিবির মৃত্যুর ঘটনায় ১৭ বছর পর রায় ঘোষণা করল গুজরাটের সুরাট জেলা আদালত। চিকিৎসায় অবহেলার অভিযোগে ডাক্তার পরেশ ভাজিয়াওয়ালাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও রায় ঘোষণার পর তিনি জামিন পেয়েছেন। ২০০৯ সালের জানুয়ারিতে সুরাটের গিরিশ গ্রুপ অফ হসপিটালসে এই ঘটনা ঘটেছিল।
জানা গেছে, ২০০৯ সালের জানুয়ারিতে জ্বর ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে সুরাটের ওই হাসপাতালে ভর্তি হন ৭০ বছর বয়সী জাইতুন বিবি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর পিঠে ব্যথা শুরু হলে আরামের জন্য হাসপাতালের কর্মীরা তাঁর পিঠের কাছে একটি গরম জলের হিট প্যাক রাখেন। অভিযোগ, হাসপাতাল প্রশাসন ও কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় সারারাত ওই গরম জলের প্যাক রোগীর শরীরের নিচে চাপা অবস্থায় থেকে যায়। এর ফলে জাইতুন বিবির পিঠে গুরুতরভাবে পুড়ে যায় এবং গভীর ক্ষতের সৃষ্টি হয়।
এই গুরুতর ক্ষতের জেরে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। ঘটনার পর তিনি আর বিছানা থেকে উঠতে পারেননি এবং অবশেষে ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন ইসমাইল দরবার। পুলিশ এই ঘটনায় ডাক্তার পরেশ ভাজিয়াওয়ালা ও স্টাফ নার্স চঞ্চুবেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুজনকেই গ্রেপ্তার করে।
মামলার বিচার চলাকালীন সহ-অভিযুক্ত স্টাফ নার্স চঞ্চুবেন জামিন পাওয়ার পর মাঝপথে পালিয়ে যান এবং আদালত তাঁকে পলাতক ঘোষণা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেতন রেশমওয়ালার জোরালো সওয়াল এবং ইসমাইল দরবারের পরিবারের সদস্য, চিকিৎসক, ময়নাতদন্তকারী চিকিৎসক ও গিরিশভাইসহ ১৬ জনেরও বেশি সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে বিচার চলে। প্রমাণ ও সাক্ষ্য খতিয়ে দেখে অবশেষে ডাক্তার পরেশ ভাজিয়াওয়ালাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের সাজা শোনায় আদালত।