সিআইডির তলবেও গরহাজির টুলু! ৫ কোটি টাকা ও ভুয়ো ডিসিআর কাণ্ডে বাড়ছে রহস্য

ভুয়ো ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) কাণ্ড এবং নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক নতুন তথ্য। অবৈধ কারবারের বিপুল অর্থ লেনদেন কীভাবে হতো এবং নেপথ্যের সুবিধাভোগী কারা, তা খতিয়ে দেখতে তৎপর গোয়েন্দারা। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ভবানী ভবনে টুলু মণ্ডলকে তলব করা হলেও সিআইডি সূত্রে খবর, তিনি হাজিরা দেননি।

রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, টুলু মণ্ডল কবে ভবানী ভবনে আসবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

গোয়েন্দাদের দাবি, এর আগে জেরায় টুলু মণ্ডলের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। অবৈধ লেনদেনের অর্থ কোথা থেকে আসত এবং কার হাত ঘুরে কাদের কাছে পৌঁছত, সে বিষয়ে তিনি স্পষ্ট উত্তর দিচ্ছেন না বলে অভিযোগ। একেক সময় একেক রকম তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সেই অসঙ্গতিগুলো যাচাই করতেই ফের তাঁকে ডাকা হয়েছিল।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ভুয়ো ডিসিআর তৈরি করে সরকারি নিয়ম ও রাজস্ব ফাঁকি দেওয়ার চক্রের সঙ্গে নিউটাউনে টাকা উদ্ধারের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের বক্তব্য, এ বিষয়ে তাঁরা আগে থেকেই বেশ কিছু ব্যবসায়ীর নাম ও পরিচয় পেয়েছিলেন, কিন্তু টুলু মণ্ডলের দেওয়া ব্যবসায়ীদের তালিকার সঙ্গে গোয়েন্দাদের হাতে থাকা তালিকার কোনো মিল নেই।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এই তদন্তকে ঘুরপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন টুলু। এই কারবারের শিকড় কতদূর বিস্তৃত এবং কোন মধ্যস্বত্বভোগী বা প্রভাবশালীরা এর সুবিধা ভোগ করতেন, তা জানতে তদন্ত চলছে। তবে টুলুর আগের বয়ানের সঙ্গে তদন্তে উঠে আসা তথ্য ও নথির বিস্তর ফারাক মিলেছে বলে দাবি এক তদন্তকারী আধিকারিকের।

আজ হাজিরা না দেওয়ায় সিআইডির পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভবানী ভবন সূত্রে ইঙ্গিত মিলেছে, বয়ানের অসঙ্গতি কাটাতে এবং তদন্ত এগোতে টুলুকে ফের নোটিশ পাঠানো হতে পারে। পাশাপাশি ব্যাংক লেনদেন ও ডিজিটাল নথির সূত্র ধরে আসল সুবিধাভোগীদের চিহ্নিত করার কাজও জোরকদমে চালাচ্ছে সিআইডি।