কানে ব্লুটুথ হেডফোন, দরজা বাইরে থেকে বন্ধ! রাজারহাটে ছাত্রের ঝুলন্ত দেহ ঘিরে ঘনীভূত রহস্য

রাজারহাটে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও রহস্য তৈরি হয়েছে। কালিকাপুরের আটঘরা এলাকার একটি বাগানবাড়ি থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধারের সময় ছাত্রের কানে ব্লুটুথ হেডফোন লাগানো ছিল এবং পাশে পড়ে ছিল তাঁর মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্র বাগানবাড়িটি ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দু’দিন আগে তাঁর এক বন্ধু সেখানে বেড়াতে আসেন। গত রাতে দু’জনে একসঙ্গেই ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। সকালে ঘুম থেকে উঠে ওই বন্ধু দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা রয়েছে।

এরপর ওই বন্ধু পাশের এক ব্যক্তিকে ফোন করে বিষয়টি জানান। ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বাগানবাড়ির একটি গাছে যুবকের ঝুলন্ত দেহ রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাজারহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর ঠিক আগে তিনি কারও সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলছিলেন কি না, তা জানতে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বন্ধুর বক্তব্য এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও যাচাই করছেন তদন্তকারীরা।