৮৫% ভারতীয় চাকরি ছেড়ে নিজের বস হতে চান! জেন জি-এর মধ্যে তুঙ্গে উদ্যোগের উন্মাদনা

ভারতের কর্মসংস্কৃতি ও চাকরির প্রচলিত ধারণায় বড়সড় পরিবর্তন আসছে। লিঙ্কডইনের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৮৫ শতাংশ ভারতীয় চাকরি ছেড়ে দিয়ে নিজের ব্যবসা শুরু করতে অর্থাৎ নিজের বস হতে আগ্রহী। আর এই প্রবণতায় সবচেয়ে এগিয়ে রয়েছে জেন জি প্রজন্ম।
একসময় পড়াশোনা শেষ করে ভালো বেতনের চাকরির পেছনে ছোটাকেই সাফল্যের মূলমন্ত্র মনে করা হতো। পরিবার ও তরুণ প্রজন্ম—উভয়ের কাছেই সেই মানসিকতা ছিল প্রধান। কিন্তু এখন ছবিটা দ্রুত বদলাচ্ছে। অন্যের অধীনে কাজ করার বদলে স্বাবলম্বী হওয়ার ও নিজের উদ্যোগ গড়ে তোলার দিকে ঝুঁকছেন তরুণরা। লিঙ্কডইনের গবেষণায় উঠে এসেছে যে, নিজের ব্যবসা শুরুর এই আগ্রহের দিক থেকে ভারত বৈশ্বিক প্রেক্ষাপটেও অনেকটা এগিয়ে রয়েছে।
জেন জি প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার ঝোঁক প্রতিবেদন অনুযায়ী, সমীক্ষায় অংশ নেওয়া জেন জি প্রজন্মের ৯৪ শতাংশ এবং মিলেনিয়ালদের ৯০ শতাংশ নিজেদের ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন। জেন জি উত্তরদাতাদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যেই তাঁরা নিজেদের ব্যবসা কিংবা অতিরিক্ত আয়ের পথ (সাইড হাসল) শুরু করার পরিকল্পনা করছেন। ফলে শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীলতা কমিয়ে আয়ের বিকল্প ও স্বাধীন পথ খুঁজছে দেশের যুবসমাজ।
লিঙ্কডইনের প্ল্যাটফর্মের পরিসংখ্যানেও এই বদলের ছাপ স্পষ্ট। ২০২২ সালের তুলনায় প্ল্যাটফর্মে নিজেদের প্রোফাইলে ‘ফাউন্ডার’ পদবি যুক্ত করার হার বেড়েছে ১৯০ শতাংশ। জেন জি প্রজন্মের ক্ষেত্রে এই বৃদ্ধি প্রায় ৩৮৩ শতাংশ। যদিও সার্বিকভাবে প্ল্যাটফর্মে প্রতিষ্ঠাতাদের মধ্যে মিলেনিয়ালদের সংখ্যাই বেশি, যা মোট প্রতিষ্ঠাতার ৪৮ শতাংশ।
প্রযুক্তি, এআই ও সোশ্যাল মিডিয়ার সহজ পথ নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যম বড় ভূমিকা নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় ৮৬ শতাংশ ভারতীয় মনে করেন, পাঁচ বছর আগের তুলনায় এখন ব্যবসা শুরু করা অনেক বেশি সহজ হয়েছে। পাশাপাশি ৭৪ শতাংশ উত্তরদাতা একমত যে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক সহজসাধ্য। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সোশ্যাল মিডিয়া নতুন উদ্যোক্তাদের সামনে কাজ করার সুযোগ আরও প্রসারিত করেছে।