মায়ের অসুস্থতা থেকে কাজের চাপ! দেরিতে বিগ বসে প্রবেশ নিয়ে ট্রোলের মুখে সৌরভের পাশে দাঁড়িয়ে কী জানালেন দর্শনা?

বিগ বস বাংলার ঘরে স্বামী সৌরভ দাসের হয়ে বারবার সরব হচ্ছেন অভিনেত্রী দর্শনা বণিক। রাজবীর দে এবং জীতু কমলকে ঘিরে সাম্প্রতিক পোস্টগুলির পর থেকেই নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন তিনি, তবে তাতে দমে না গিয়ে সৌরভের সমর্থনে একের পর এক বক্তব্য তুলে ধরছেন। এবার প্রতিযোগিতার অনেকটা পথ পেরিয়ে সৌরভের দেরিতে বিগ বসের ঘরে প্রবেশ করা নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দিলেন দর্শনা।

বিগ বস বাংলার এবারের সম্ভাব্য বিজেতাদের তালিকায় জীতু কমল ও রাজবীর দে-র মতো ওয়াইল্ড কার্ড প্রতিযোগীদের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, সৌরভ শোয়ের মাঝামাঝি বা অনেকটা পথ পেরিয়ে ঘরে প্রবেশ করায় অনেকেরই দাবি, এত দেরিতে ঢুকে তিনি বিজেতা হওয়ার দাবিদার হতে পারেন না। এই যুক্তি মানতে নারাজ দর্শনা বণিক।

সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্যে দর্শনা বুঝিয়ে দিয়েছেন, সৌরভের দেরিতে প্রবেশের নেপথ্যে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের চেয়ে পরিস্থিতির ভূমিকা ছিল অনেক বেশি। তাঁর দাবি, শোয়ের একেবারে শুরু থেকেই বিগ বসের নির্মাতাদের সঙ্গে সৌরভের কথা হয়েছিল। কিন্তু সেই সময় অন্য একটি কাজের প্রতিশ্রুতি থাকায় তাঁর পক্ষে যোগ দেওয়া সম্ভব হয়নি এবং পেশাদার দায়বদ্ধতার জায়গা থেকেই আগে সেই কাজ শেষ করতে হয়েছিল তাঁকে।

দর্শনার কথায়, এরপরও শোয়ে যোগ দেওয়ার সুযোগ এলেও তখন অসুস্থ ছিলেন সৌরভের মা। পরিবারের এমন পরিস্থিতিতে বিগ বসের ঘরে ঢোকা সম্ভব হয়নি অভিনেতার। এমনকি রাজবীর দে যখন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে শোয়ে প্রবেশ করেন, তখনও সৌরভের প্রবেশ নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান দর্শনা, কিন্তু মায়ের অসুস্থতার কারণে সেই পরিকল্পনাও তখন বাস্তবায়িত করা যায়নি।

দর্শনা আরও জানান, বিগ বসে কখন প্রবেশ করবেন, সেই সময়সূচি বা পরিকল্পনা সম্পূর্ণভাবে সৌরভের নিয়ন্ত্রণে ছিল না। অনেক কিছুই নির্ভর করেছে পরিস্থিতি ও নির্মাতাদের সিদ্ধান্তের উপর। তবে একবার ঘরে প্রবেশ করার পর প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইটা একান্তই সৌরভের নিজের, তাই কখন তিনি শোয়ে এসেছেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে তাঁকে ভুল না বোঝার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।