অষ্টম তফশিলে রাজবংশী ভাষা! রাসমেলার মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিল্লি বৈঠকের ফাঁস করলেন তথ্য

উত্তরবঙ্গের রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করে সরকারি মর্যাদা দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কোচবিহারে ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনে এসে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বিধানসভা নির্বাচনের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই রাজবংশী সমাজের ভাষা, সংস্কৃতি, আর্থিক নিরাপত্তা এবং রাজনৈতিক আকাঙ্ক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

রাসমেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তাঁর এবং রাজ্যের মুখ্যসচিবের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এর আগে কোচবিহারের ল্যান্সডাউন হলে রাজবংশী সমাজের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে ১৩১ জনের একটি আলোচনা সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে রাজবংশী সমাজের ভূমি হারানোর ক্ষোভ নিয়ে প্রাক্তন বামফ্রন্ট সরকারকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, তৎকালীন সিপিআই (এম) সরকারের আমলে বর্গাচাষ সংক্রান্ত ভূমি সংস্কার আইনের নামে আদি বাসিন্দাদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকেই রাজবংশী সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে রয়েছে এবং বিজেপিকে সমর্থন জানিয়ে আসছে। তাঁর কথায়, অতীতে বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেস—কোনও সরকারই রাজবংশী সম্প্রদায়কে রাজ্যের মন্ত্রিসভায় সেই সংখ্যক প্রতিনিধিত্ব দেয়নি, যতটা মে মাসে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার দিয়েছে। পাশাপাশি, রাজবংশী সমাজের ২৯টি প্রাচীন আস্থার কেন্দ্রকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ ও সংস্কার, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, লোকশিল্পীদের ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে কর্মসংস্থানের দাবিগুলিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

রাসমেলার উদ্বোধন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধাকে কেন্দ্র করে চলা এই বার্ষিক শীতকালীন রাস উৎসবের উদ্বোধনে এর আগে অন্য কোনও মুখ্যমন্ত্রী কখনও কোচবিহারে আসেননি।