‘দীপাথুন’ স্তম্ভে প্রদীপ জ্বলেনি কেন? সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়ে কী যুক্তি মাদুরাই জেলাশাসকের?

তামিলনাড়ুর তিরুপারানকুন্দ্রম পাহাড়ের চূড়ায় পাথরের স্তম্ভে কার্তিগাই দীপম প্রদীপ জ্বালানো নিয়ে তৈরি হওয়া বিতর্কে এ বার সুপ্রিম কোর্টে মুখ খুলল মাদুরাই জেলা প্রশাসন। প্রদীপ না জ্বালানোর জন্য শীর্ষ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মাদুরাইয়ের জেলাশাসক নিশান্ত কৃষ্ণ। তবে তাঁর স্পষ্ট দাবি, মন্দিরের ট্রাস্টি বোর্ড অনুমতি না দেওয়ায় এবং প্রথাগত স্থানেই প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রশাসন বা পুলিশের সেখানে হস্তক্ষেপ করার কোনও আইনি এক্তিয়ার ছিল না।

গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিরুপারানকুন্দ্রম পাহাড়ের দীপাথুন স্তম্ভে এক বারের জন্য প্রথাগত প্রদীপ জ্বালানো যাবে। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছিল, মন্দির কর্তৃপক্ষ বা দেবস্থান অনুমোদিত একটি দলই একমাত্র এই প্রদীপ জ্বালানোর কাজটি করবে। পাশাপাশি, মন্দিরের এক্সিকিউটিভ অফিসার, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই এবং পুলিশ কমিশনারের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ও পরিকাঠামোর ব্যবস্থা করার জন্য জেলাশাসককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

শীর্ষ আদালতে জমা দেওয়া প্রাথমিক স্ট্যাটাস রিপোর্টে জেলাশাসক নিশান্ত কৃষ্ণ জানান, মন্দিরের ট্রাস্টি বোর্ড দীপাথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর জন্য কোনও দল পাঠাতে অস্বীকার করে। বদলে তারা উচিপিল্লাইয়ার মন্দিরের কাছে প্রতিবারের মতো একই জায়গাতেই প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নেয়। জেলাশাসকের যুক্তি, মন্দিরের ট্রাস্টিরা অনুমতি না দেওয়ায় রাজস্ব দফতর বা পুলিশের পক্ষে জোর করে সেখানে প্রদীপ জ্বালানোর কোনও আইনি সুযোগ ছিল না।

হলফনামায় জেলাশাসক লিখেছেন, আদালতের কোনও নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার প্রশ্নই ওঠে না। মাননীয় আদালতের নির্দেশের প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান রয়েছে এবং ভবিষ্যতেও আদালতের প্রতিটি নির্দেশ পালনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দীপাথুনে প্রদীপ না জ্বলার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী বলেও জানিয়েছেন তিনি।

তিরুপারানকুন্দ্রম পাহাড়ের ওপর একটি দরগার ঠিক পাশেই অবস্থিত এই পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানো নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। বিষয়টি নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়িয়েছে বিজেপি। শীর্ষ আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পর থেকেই বিজেপির অভিযোগ, রাজ্যের বর্তমান প্রশাসন ও তার শরিকরা হিন্দু রীতিনীতির বিরুদ্ধে কাজ করছে। এই আবহে জেলাশাসকের হলফনামা মামলায় নতুন মাত্রা যোগ করল।