“তোমাদের অর্ধেককেই চিনি না”! ডুমসডের সেটে নতুন প্রজন্মের ভিড়ে কেন অস্বস্তিতে থর ক্রিস হেমসওয়ার্থ?

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তাঁর দীর্ঘদিনের পথচলা। একের পর এক ছবিতে থর চরিত্রে দর্শকের মন জয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এবার অ্যাভেঞ্জার্স ডুমসডে ছবিতে ফিরছেন তিনি। তবে নতুন ছবির সেটে গিয়ে নাকি নিজেকেই কিছুটা বহিরাগত মনে হয়েছে এই অভিনেতার, তৈরি হয়েছে খানিক অস্বস্তিও। কারণ, তাঁর চারপাশে এবার মার্ভেলের একঝাঁক নতুন প্রজন্মের অভিনেতা, যাঁদের অনেকেই অ্যাভেঞ্জার্স এন্ডগেমের পর এই মাল্টিভার্সের সুপারহিরোর দুনিয়ায় পা রেখেছেন।
এক সাক্ষাৎকারে ক্রিস জানিয়েছেন, ডুমসডের সেটে প্রথম দিকে নিজেকে বেশ অদ্ভুত পরিস্থিতিতে পেয়েছিলেন তিনি। মার্ভেলের পুরনো দিনের চেনা মুখদের বদলে চারপাশে তখন নতুন প্রজন্মের তারকাদের ভিড়। ছবির সাম্প্রতিক ট্রেলারেও সেই অনুভূতির কিছুটা মজার ছলেই প্রকাশ ঘটেছে, যেখানে নতুন অ্যাভেঞ্জার্সদের উদ্দেশে থরকে বলতে শোনা যায় যে তোমাদের অর্ধেককেই তো আমি চিনি না।
মার্ভেল ফ্র্যাঞ্চাইজির অন্যতম অভিজ্ঞ সদস্য হিসেবে নিজেকে মানিয়ে নিতে প্রথমে খানিক অস্বস্তি হয়েছিল ক্রিসের। তাঁর কথায়, সেটে গিয়ে নিজেকে প্রবীণদের একজন কিংবা বয়োজ্যেষ্ঠদের দলে দেখাটা প্রথমত অদ্ভুত রকমের অস্বস্তিকর ছিল। পরে ক্রিস ইভান্স এবং পরিচালক জুটি রুশো ব্রাদার্সদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। তখন মনে হয়, প্রবীণ শব্দটা ঠিক নয়, তাঁরা আসলে অভিজ্ঞ। এক দশকেরও বেশি আগে অ্যাভেঞ্জার্সদের এই যাত্রা শুরু হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, অ্যাভেঞ্জার্স ডুমসডে ছবি নিয়ে নবমবার মার্ভেলের ছবিতে হাজির হচ্ছে থর। স্যামুয়েল এল জ্যাকসন ছাড়া মার্ভেলের বর্তমান অভিনেতাদের মধ্যে আর কারওরই এমসিইউ ছবির উপস্থিতির সংখ্যা তাঁর চেয়ে বেশি নয়। ফলে নতুন প্রজন্মের অভিনেতাদের ভিড়ে নিজেকে খানিকটা আলাদা মনে হওয়াটা হেমসওয়ার্থের কাছে অস্বাভাবিক নয়।
এই ছবিতে পুরনো অ্যাভেঞ্জার্সদের ফেরাও দর্শকের কৌতূহল বাড়িয়েছে। ক্রিস ইভান্সের পাশাপাশি ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়রও। তবে এবার আর টনি স্টার্ক বা আয়রন ম্যান হিসেবে নয়, বরং মার্ভেলের অন্যতম ভয়ঙ্কর খলনায়ক ডক্টর ডুমের চরিত্রে দেখা যাবে তাঁকে। আর ডাউনিকে একদম অন্য অবতারে দেখে নাকি খানিকটা অস্বস্তিই হয়েছে হেমসওয়ার্থের। তাই অভিনেতা বলেন, এটি অদ্ভুতভাবে অস্বস্তিকর, তবে ভালো অর্থেই বলেছেন তিনি। হঠাৎ করেই ডাউনি যেন সম্পূর্ণ অন্য এক সত্তায় বদলে গিয়েছেন, যিনি আর আয়রন ম্যান নন, টনি স্টার্কও নন, এমনকি রবার্ট ডাউনিও নন।