রিয়াধে হুথি হামলায় জখম দুই ভারতীয় নাগরিক! তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিল্লির

সৌদি আরবের রাজধানী রিয়াধে হুথি বিদ্রোহীদের হামলায় ১১ জন জখম হয়েছেন এবং তাঁদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক রয়েছেন। এই ঘটনার আবারও তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বুধবার বিবৃতি প্রকাশ করে সৌদি আরবের অসামরিক ও অর্থনৈতিক পরিকাঠামোয় আক্রমণ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে দিল্লি। মঙ্গলবার রিয়াধের কিং আবদুল্লা ফিনানশিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতলে হামলার ঘটনা ঘটে।

বুধবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, হামলায় দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস তাঁদের এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রয়োজনীয় সবরকম সাহায্যও করা হচ্ছে।

সৌদি আরবের একটি বহুতলে হামলার পাশাপাশি সে দেশের অসামরিক, অর্থনৈতিক ও জ্বালানি পরিকাঠামোকে নিশানা করে লাগাতার আক্রমণ চালানো হচ্ছে। এই ধরনের হামলা সাধারণ মানুষের জন্য মোটেও সুখকর নয় এবং এতে তাঁদের জীবন বিপন্ন হচ্ছে। পাশাপাশি সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়ে গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকেও বিঘ্নিত করছে এই সব ঘটনা। তাই অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার দাবি জানিয়েছে ভারত।

সৌদি আরবের নাগরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, হামলায় মোট ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, তিনজন নেপালের নাগরিক এবং চারজন মিশরের নাগরিক রয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তাঁরা ঠিক আছেন বলে জানা যাচ্ছে।

এই ঘটনার পর সৌদি আরবের প্রতি নিজেদের সমর্থনের কথাও ফের স্পষ্ট করে দিয়েছে দিল্লি। বিদেশমন্ত্রকের বক্তব্য, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সে দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষার প্রশ্নে ভারত সৌদি সরকার ও সাধারণ মানুষের পাশে রয়েছে।

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে। দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে ভারত।