মিনাখাঁ থেকে চোপড়া—তৃণমূলের ঘর ভেঙে বাড়ছে NCPI-এর শক্তি! বিজেপিতে ঢোকার সিঁড়ি কি এটি?

পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে একের পর এক ভাঙন ধরানোর পর এবার তৃণমূলের পার্টি অফিসও নিজেদের দখলে নিল এনডিএ-র শরিক দল NCPI। বসিরহাট দক্ষিণ বিধানসভার শাঁকচূড়া বাজারে এতদিন যে কার্যালয়টি তৃণমূলের পার্টি অফিস হিসেবে পরিচিত ছিল, সোমবার সেখানেই লাগানো হয়েছে NCPI-এর ব্যানার। এর পরপরই তৃণমূলের টিকিটে নির্বাচিত একদল পঞ্চায়েত সদস্য NCPI-তে যোগ দেন। পাশাপাশি মিনাখাঁর চৈতল গ্রাম পঞ্চায়েতের ২৩ জন সদস্যের মধ্যে প্রধান ও উপপ্রধানসহ ১৯ জন সদস্য দলবদল করে NCPI-তে নাম লেখান।

সোমবার কলকাতার কসবায় NCPI-এর অফিসে এসে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে ২৩ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিসহ ১৩ জন নির্বাচিত সদস্য NCPI-তে যোগ দিয়েছিলেন। এ ছাড়া মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে উপপ্রধানসহ ১৩ জন সদস্যও শিবির বদলে NCPI-তে যোগ দিয়েছেন।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর তৃণমূলের প্রতীকে জিতে আসা ২০ জন লোকসভার সাংসদ বিদ্রোহ করে NCPI-তে যোগ দেন। বর্তমানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে সেই দলেই দলে দলে যোগদানের ছবি দেখা যাচ্ছে। তবে যাঁরা এই দলে আসছেন, তাঁদের অনেকেরই বক্তব্য—তাঁরা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ও কেন্দ্রে বিজেপি সরকারের উন্নয়নযজ্ঞের অংশীদার হতে চান। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, NCPI কি তবে বিজেপিতে যাওয়ার সেতু বা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে?

উত্তর ২৪ পরগনা থেকে উত্তর দিনাজপুর—বিস্তার বাড়াচ্ছে NCPI

উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে উত্তর দিনাজপুর—দলবদলকে হাতিয়ার করে একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাতছাড়া করে নিজেদের দখলে নিচ্ছে NCPI। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো চোপড়া পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার সেখানকার ২৪ জন সদস্যের মধ্যে ১৯ জন সদস্যই NCPI-তে যোগ দেন। কলকাতার কসবায় NCPI কার্যালয়ে এসে তাঁরা দলবদল করেন, যার ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে বোর্ডের নিয়ন্ত্রণ আপাতত NCPI-এর হাতে চলে এসেছে।

জল্পনা উস্কে দিল যোগদানকারীর মন্তব্য মাত্র কিছুদিন আগে রাজনৈতিক মহলে চর্চায় আসা NCPI কীভাবে এত দ্রুত জেলায় জেলায় তৃণমূল ভাঙিয়ে পঞ্চায়েত দখলের মতো প্রভাব বিস্তার করছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এর নেপথ্যে বিজেপির কৌশল কাজ করছে কি না, কিংবা NCPI আদতে বিজেপিতে যাওয়ার ‘ওয়েটিং রুম’ কি না—তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সোমবার NCPI-তে যোগ দেওয়ার সময় এক সদস্যের মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে; তিনি স্পষ্ট বলেন, তৃণমূলে ছিলেন এবং আজ বিজেপিতে যোগ দিতে এসেছেন। সব মিলিয়ে একের পর এক দলবদল ও গ্রামীণ স্তরে ক্ষমতা দখলকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে তীব্র তরজা ও জল্পনা অব্যাহত রয়েছে।