ভোটের আগেই আইনি জটিলতার আশঙ্কা! অলিম্পিক সংস্থার নির্বাচনে কেন এত বিতর্ক?

ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) সভাপতি পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিদায়ী প্রধান পিটি ঊষা। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও তিনি নাম নথিভুক্ত করেননি। ফলে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে শীর্ষ পদের দৌড়ে আপাতত ত্রিমুখী লড়াই জমে উঠেছে। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শুটার গগন নারাংয়ের মুখোমুখি হচ্ছেন বিজেপি নেতা তথা তিরন্দাজি সংস্থার সচিব বীরেন্দ্র সচদেব এবং আইওএ-র প্রাক্তন সচিব ও ফেন্সিং সংস্থার বর্তমান সচিব রাজীব মেহতা।

চার বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সভাপতি পদের পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি, দুই সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, দুই যুগ্ম সচিব ও কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ভোট হবে। এবার রিটার্নিং অফিসারের স্ক্রুটিনির পালা, আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ ডিসেম্বর। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ‘স্পোর্টসপার্সনস অব আউটস্ট্যান্ডিং মেরিট’ (SOM) কোটায় সাধারণ সভায় নির্বাচিত আট ক্রীড়াবিদের তালিকায় জায়গা পাননি পিটি ঊষা, যদিও পরে আইস হকি ফেডারেশন অফ ইন্ডিয়া তাঁকে মনোনীত করে। ওই নির্বাচনের আগে ১৩ জন ক্রীড়াবিদ নাম তুলে নিয়েছিলেন এবং চাপের মুখে সরে দাঁড়াতে হয়েছিল বলে অভিযোগও উঠেছিল।

অঞ্জু ববি জর্জ, বিজেন্দ্র সিং ও দোলা বন্দ্যোপাধ্যায়রা কোন পদে?
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হতে চলেছেন প্রাক্তন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন কমলেশ মেহতা। এসওএম কোটায় কার্যনির্বাহী পরিষদে থাকছেন কুস্তিগির যোগেশ্বর দত্ত ও প্রাক্তন হকি অধিনায়ক রানি রামপাল। অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর লড়াই একনজরে:

সিনিয়র সহ-সভাপতি: অজয় প্যাটেল, মোনা শাহ ও বাগীশ পাঠক।

মহিলা সহ-সভাপতি: লং জাম্পার অঞ্জু ববি জর্জ, ভবনীত হান্ডু ও সুমন কৌশিক।

পুরুষ সহ-সভাপতি: বক্সার বিজেন্দ্র সিংয়ের প্রতিদ্বন্দ্বী বীরেন্দ্র সচদেব।

যুগ্ম সচিব: মহিলা বিভাগে সুনয়না কুমারী ও পূর্ণিমা মাহাতো; পুরুষ বিভাগে অমিতাভ শর্মা ও হরজিন্দর সিং।

কার্যনির্বাহী পরিষদ: চারটি পদের লড়াইয়ে রয়েছেন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়সহ সাতজন।

ভোটের নিয়ম নিয়ে আইনি জটিলতার আশঙ্কা
ভোটের আগে সংবিধান ও নির্বাচনী উপবিধির সংঘাত নিয়ে বেশ অস্বস্তি তৈরি হয়েছে। আইওএ সংবিধানের ১৪.১ ধারা অনুযায়ী, জিততে হলে বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে; তা না হলে প্রথম দু’জনের মধ্যে দ্বিতীয় দফার ভোটাভুটি হবে।

অন্যদিকে, নির্বাচনী উপবিধির ৩.৪ ধারা মোতাবেক সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী হবেন—এখানে ৫০ শতাংশ ভোট বা দ্বিতীয় দফার উল্লেখ নেই। যদিও সংবিধানের ৩২ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, কোনো সংঘাত বাধলে সংবিধানই চূড়ান্ত বলে গণ্য হবে। সংশ্লিষ্ট এক সূত্রের আশঙ্কা, তিন বা তার বেশি প্রার্থী লড়লে এই নিয়মগত ফারাক নির্বাচনের ফল বদলে দিতে পারে এবং আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও তৈরি হতে পারে; তাই ভোটপ্রক্রিয়া নিয়ে দ্রুত স্পষ্টতা প্রয়োজন।