ফের নাটকের মঞ্চে সুকান্ত মজুমদার, কোন চরিত্রে চমক দিচ্ছেন মন্ত্রী?

ফের নাটকের মঞ্চে অভিনয় করতে দেখা যাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নির্মিত ‘কেশরী হত্যা’ নাটকে দ্বিতীয়বারের মতো মঞ্চে নামছেন তিনি। আগামী ২৯ নভেম্বর কলকাতার মধুসূদন মঞ্চে নাটকটির নতুন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই মঞ্চায়নে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন সুকান্ত মজুমদার।
নাটকের কাহিনিতে অটল বিহারী বাজপেয়ীকে উপস্থাপন করা হয়েছে কথকের ভূমিকায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কী ঘটেছিল কিংবা কী ঘটানো হয়েছিল, সেই সব ঘটনা নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতি থেকে দর্শকদের সামনে তুলে ধরবেন বাজপেয়ী। এভাবেই নাটকের বুননে একটি গুরুত্বপূর্ণ ও বর্ণনামূলক চরিত্র হিসেবে সাজানো হয়েছে তাঁকে।
এর আগে কলকাতার রবীন্দ্র সদনে ‘কেশরী হত্যা’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছিল। নাটকটি লিখেছেন সঞ্জয় আচার্য এবং এর ভাবনা ও নির্দেশনায় রয়েছেন দেবাশিস বিশ্বাস। প্রথম প্রদর্শনীতেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় নাটকটি। বিশেষ করে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদারের সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতাতেই এবার মধুসূদন মঞ্চে নাটকটি ফের মঞ্চস্থ হতে চলেছে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনদর্শন, আদর্শ এবং তাঁর রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করেই এই নাটকের মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে। নাটকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কৌশিক অধিকারী, আর বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে সুকান্ত মজুমদারকে। অভিনয়ের জগত সুকান্তের কাছে একেবারে নতুন নয়। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, ছাত্রজীবনে বালুরঘাটে থাকাকালীন একাধিক নাটকে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে কলেজের অধ্যাপনা এবং সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ব্যস্ততার কারণে দীর্ঘদিন তাঁকে নাটকের মঞ্চে দেখা যায়নি।
রাজনীতির ময়দানে পরিচিত মুখ সুকান্ত মজুমদারকে আবারও মঞ্চে অভিনয় করতে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক ও নাট্যপ্রেমীরা। আগামী ২৯ নভেম্বর মধুসূদন মঞ্চে ‘কেশরী হত্যা’ নাটকের এই দ্বিতীয় মঞ্চায়নকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।